দল বেঁধে নয়, পৃথকভাবে ঢাকার পথে যশোর বিএনপির নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আবদুল্লাহপুর মোড়ে ব্যক্তিগত গাড়িতে র‍্যাবের তল্লাশি। এ সময় যাত্রীদের ব্যাগ, মুঠোফোন চেক করা হচ্ছে। শুক্রবার বিকেলে
ছবি: প্রথম আলো

ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার পথে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছেন যশোর বিএনপির নেতা-কর্মীরা। দল বেঁধে নয়, তাঁরা আলাদা আলাদাভাবে ঢাকার পথে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকে ঢাকায় পৌঁছেও গেছেন। তাঁরা আত্মীয়স্বজনের বাসা, ধর্মীয় প্রতিষ্ঠান, হোটেলসহ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন।

বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, নেতা-কর্মীরা আগে এ ধরনের সমাবেশে বাস, ট্রাক বা ট্রেনের বগি রিজার্ভ করে যেতেন। ঢাকার কোনো এক জায়গায় নেমে সেখান থেকে মিছিল নিয়ে যোগ দিতেন সমাবেশে। নেতারা বেশি কর্মী নিয়ে শক্তির জানান দিতেন। কিন্তু এবার তা হচ্ছে না। ঢাকায় প্রবেশে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হবে, এমন ভাবনা থেকে যশোরের নেতা-কর্মীরা ভিন্ন কৌশল নিয়েছেন। বাসে বা ট্রেনে দলবদ্ধ হয়ে তাঁরা ঢাকায় যাচ্ছেন না, এমনকি ব্যক্তিগত বা ভাড়া গাড়িতেও নয়। আলাদাভাবে গণপরিবহনে ঢাকার উদ্দেশে রওনা দিচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশে গিয়ে একত্র হবেন তাঁরা। ঢাকায় যাঁদের থাকার ব্যবস্থা রয়েছে, তাঁদের কয়েক দিন আগেই যেতে বলা হয়েছে। পুলিশের আটক বা হয়রানি এড়াতে নেতা-কর্মীদের হোটেলের অবস্থান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান ও ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন

যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকার মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য নেতা–কর্মীদের জন্য দুই ধরনের নির্দেশনা রয়েছে। এক, তুলনামূলক তরুণেরা ঢাকায় যাবেন। দলের জ্যেষ্ঠ কর্মীরা এলাকায় প্রস্তুত থাকবেন। ঢাকার সমাবেশ থেকে যদি জেলা–উপজেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা হয়, তাহলে তাঁরা সে কর্মসূচি বাস্তবায়ন করবেন।

সাবেরুল হক বলেন, যশোর থেকে কমপক্ষে পাঁচ হাজার নেতা-কর্মীর ঢাকায় মহাসমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি রয়েছে। পুলিশি হয়রানি বা গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীদের নিজ দায়িত্বে ঢাকায় পৌঁছাতে বলা হয়েছে। তারপরও ধরপাকড় চলছে।

আরও পড়ুন

বিএনপির নেতা-কর্মীরা জানান, যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির সাত কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যশোরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে যশোর সদর উপজেলার ৮ জন, বাঘারপাড়ায় ৩৬ জন এবং অভয়নগর ও মনিরামপুরে ২ জন করে নেতা-কর্মী রয়েছেন। এসব নেতা-কর্মীকে বিভিন্ন পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানী ঢাকার কামারপাড়া মোড়ে পুলিশের তল্লাশি। এ সময় যাত্রীদের ব্যাগ, মুঠোফোন চেক করা হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে
ছবি: প্রথম আলো

এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, দলীয় পরিচয় দেখে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। সুনির্দিষ্ট মামলায় তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।

আরও পড়ুন

যশোরের মনিহার, নিউমার্কেট বাস কাউন্টারের ম্যানেজার ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যশোর থেকে ঢাকায় দিনে-রাতে অন্তত ৭০টি বাস যাতায়াত করে। বেশির ভাগ বাসের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। একইভাবে যশোর রেলওয়ে স্টেশনে গিয়েও খোঁজ নিয়ে জানা গেছে, আজ ঢাকাগামী ট্রেনের কোনো টিকিট নেই।

ঢাকায় অবস্থান করা কয়েক নেতা জানান, দুই দিন ধরে নেতা-কর্মীরা বাসে, ট্রেনে—অনেকে আবার ভেঙে ভেঙে সড়কপথে ঢাকায় যাচ্ছেন। বাসস্ট্যান্ডে পুলিশের নজরদারি বেশি থাকায় তাঁরা শহরের বাসস্ট্যান্ড এড়িয়ে সড়কের বিভিন্ন জায়গা থেকে ভিন্ন বাসে উঠছেন।

আরও পড়ুন

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, ঢাকায় নেতা-কর্মীরা তো হোটেলে থাকতে পারছেন না, কোনো আত্মীয়ের বাসাবাড়িতেও যেতে পারছেন না। অনেক নেতা-কর্মী মসজিদ, বিভিন্ন জায়গায় ফাঁকা মাঠ, স্কুলের বারান্দা, কমলাপুর স্টেশনে রাস্তার ওপর পাটি বিছিয়ে রাত পার করছেন। বিএনপির নেতা-কর্মীদের রাজধানীতে মহাসমাবেশে না যেতে দেওয়ার জন্য এবং তাঁদের মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য গ্রেপ্তার চালানো হচ্ছে। ইতিমধ্যে বেশির ভাগ নেতা-কর্মী ঢাকায় চলে গেছেন। যত বাধাই আসুক না কেন, তাঁরা কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দেবেন।

আরও পড়ুন