নারায়ণগঞ্জে বিএনপির আরও ৪৪ জন গ্রেপ্তার, ৭ জায়গায় তল্লাশি করছে পুলিশ
রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে দলটির আরও ৪৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত থেকে গতকাল ভোর পর্যন্ত পুলিশ ৪৫ বিএনপি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল।
এদিকে রাজধানীতে প্রবেশমুখে সাতটি তল্লাশিচৌকি বসিয়ে ব্যাপক তল্লাশি করছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রীবাহী বাসসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছে তারা।
সরেজমিনে দেখা গেছে, শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে শতাধিক ডিবি পুলিশ ও পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। পুলিশ সদস্যরা ঢাকামুখী যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেলে তল্লাশি চালাচ্ছেন। যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করছেন তাঁরা।
সাইনবোর্ড এলাকায় রাসেল মিয়া নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেছে। তিনি কোথায় যাবেন, তা জানতে চেয়েছে। বাসের অন্য যাত্রীদের ব্যাগেও তল্লাশি চালানো হয়েছে। এটি সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে বলে মনে করেন রাসেল মিয়া।
অনাবিল পরিবহনের বাসচালক আরিফ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকায় তাঁদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া যাত্রীদের নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি বলেন, সকালে এক দফায় রাজধানীতে প্রবেশের সময় তাঁদের গাড়ি চার জায়গায় তল্লাশি করেছিল পুলিশ।
রাজধানীর প্রবেশমুখে সাতটি জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি প্রথম আলোকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মদনগঞ্জ, ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পাগলা, কাঞ্চন, পূর্বাচল ৩০০ ফুট, সুলতানা কামাল সেতু ও কাঁচপুর পয়েন্টে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের আরও ৪৪ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। নাশকতার বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গতকাল রাত থেকে গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে আছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মানিক মৃধা, আল আমিন, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মামুনসহ ৪৪ জন।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁদের রাজনৈতিক কর্মসূচি ঘিরে ডিবি পুলিশ ও পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছেন। তল্লাশির নামে চেকপোস্টে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, পুলিশ যতই বাধা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, নেতা-কর্মীদের আটকে রাখতে পারবেন না। তাঁরা সমাবেশ সফল করবেন।
দুটি রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু মাহমুদ। প্রথম আলোকে তিনি বলেন, সমাবেশে ঘিরে সহিংসতা ও নাশকতার উদ্দেশ্যে কেউ যেন মহাসড়ক দিয়ে অবৈধ অস্ত্র বহনসহ অবৈধ কিছু নিয়ে যেতে না পারে, সে জন্য পুলিশ তৎপর আছে। সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত অতিরিক্ত পুলিশ মাঠে মোতায়েন থাকবে বলে তিনি জানান।