ইশতেহারে জাহাঙ্গীরের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিলেন জায়েদা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ইশতেহারে গাজীপুরকে স্মার্ট ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর বাইরে তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান অনুযায়ী তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পাদন করার কথা বলেন জায়েদা খাতুন।
আজ মঙ্গলবার দুপুরে মহানগরের ছয়দানা এলাকায় নিজ বাসভবনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জায়েদা খাতুন। এ সময় অন্যায়ভাবে তাঁর ছেলে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলেও অভিযোগ করেন টেবিলঘড়ি প্রতীকের এই প্রার্থী। ইশতেহার ঘোষণার সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তাঁর সঙ্গে ছিলেন।
সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খান তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রতিনিয়ত বাধা সৃষ্টি করায় এবং সময় স্বল্পতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি বাড়িতে বাড়িতে গিয়ে নগরবাসীর সঙ্গে দেখা করতে পারেননি বলে জানান জায়েদা খাতুন। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে গাজীপুরকে একটি আধুনিক, স্মার্ট ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলব, ইনশা আল্লাহ। রাস্তাঘাট, ড্রেনেজ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করব।’ এর বাইরে ছেলে জাহাঙ্গীর আলমের পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান অনুযায়ী তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পাদন করবেন তিনি।
গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে জায়েদা খাতুন বলেন, প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী ও প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দীর্ঘমেয়াদি চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করা হবে। রাজেন্দ্রপুর থেকে শুরু করে টঙ্গী, আশুলিয়া হয়ে কোনাবাড়ী, কাশিমপুর কাউলতিয়াকে সংযুক্ত করে আউটার রিং রোড নির্মাণ করা হবে। এ ছাড়া পর্যাপ্ত ফ্লাইওভার নির্মাণে সরকারের অন্যান্য দপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে।
ইশতেহারে আরও বলা হয়, নগরীতে চলাচলের জন্য অত্যাধুনিক চক্রাকার এসি বাস সার্ভিস চালু করা হবে। মোবাইল অ্যাপভিত্তিক বাস সার্ভিসে যাত্রীরা সহজে ও নিরাপদে চলাচল করতে পারবেন। সিটি করপোরেশন এলাকার বিভিন্ন রাস্তার নামকরণ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে করা হবে। এ ছাড়া স্বাস্থ্যসেবা, চিকিৎসাব্যবস্থা, শিক্ষা, বিনোদন, মাদকসেবন ও সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, কর্মসংস্থান, খণ্ডকালীন কাজের ব্যবস্থাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে।
ইশতেহার ঘোষণার সময় জায়েদা খাতুন অভিযোগ করে বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় গাজীপুরের কতিপয় ষড়যন্ত্রকারী জনসমর্থনহীন ব্যক্তি নানা চক্রান্ত করে মিথ্যা অপবাদ দিয়ে আমার ছেলে জাহাঙ্গীর আলমকে প্রথমে দল এবং পরবর্তী সময়ে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে। সাময়িক বরখাস্তের পর প্রায় ১৮ মাস পার হলেও তাঁরা আপনাদের নির্বাচিত মেয়রের নামে অদ্যাবধি কোনো দুর্নীতি-অনিয়মের প্রমাণ করতে পারে নাই।’
জায়েদা খাতুন আরও বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়রের (আসাদুর রহমান কিরণ) আমলে গাজীপুরবাসীর ভাগ্যের উন্নয়ন না হলেও তিনি যুক্তরাষ্ট্রে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন এবং পরিবার-পরিজনসহ হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। তাঁর দুর্নীতির বিষয়ে হাইকোর্ট তদন্তের নির্দেশনা দিয়ে রুল জারি করেছেন। শুধু একজন চক্রান্তকারী ব্যক্তির মেয়র পদের চেয়ারের প্রতি লোভের কারণে গাজীপুর সিটি করপোরেশন অর্ধেকের বেশি সময় ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলেছে।’
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার মা জায়েদা খাতুন নির্বাচিত হলে আমি মায়ের সঙ্গে থেকে তাঁর কাজগুলো সম্পাদনে সহযোগিতা করব। সব সময় মায়ের পাশে থেকে নগরবাসীর উন্নয়ন করে যাব।’
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। আজ মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচার–প্রচারণা শেষ হচ্ছে। প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ এবং নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮। ৪৮০টি ভোটকেন্দ্রের ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষে একযোগে ভোটগ্রহণ করা হবে।