পাঁচ দিনেও নিহত যুবকের পরিচয় মেলেনি, লাশ পড়ে আছে মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরবে গত সোমবার ট্রেন দুর্ঘটনায় নিহত হন অন্তত ১৮ জন
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত এক যুবকের (৩৩) লাশ এখনো মর্গে পড়ে আছে। দুর্ঘটনার পাঁচ দিন পরও ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে লাশটি রাখা হয়েছে। গত পাঁচ দিনে নিহত ওই ব্যক্তির কোনো স্বজন বা পরিচিত কেউ লাশ শনাক্ত করতে আসেননি।

গত সোমবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের পেছনের দুই বগির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-কিশোরগঞ্জ—তিন পথে সাড়ে সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন

ঘটনার দিন রাতেই ভৈরব থেকে ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে প্রশাসন। ওই দিনই আনুমানিক ৩৩ বছর বয়সী এক যুবকের লাশ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত ১৮ জন ছাড়াও স্থানীয় সূত্রে দুর্ঘটনায় আরও দুজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা হলেন—কুলিয়ারচর উপজেলা সদরের কৈলানপুরের বাসিন্দা আকতার হোসেনের ছেলে জুবায়ের আহমেদ (২৭) ও করিমগঞ্জের জয়কা ইউনিয়নের পানাহার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে ভাঙারি ব্যবসায়ী মো. সফিকুল (৩৩)।

আরও পড়ুন

নিহত সফিকুলের ছোট ভাই সাইফুল ইসলাম বলেছেন, গুরুতর আহত অবস্থায় ভৈরব হাসপাতাল থেকে ময়মনসিংহে নেওয়ার পথে তাঁর ভাই মারা যান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারায় প্রশাসনকে না জানিয়ে লাশ বাসায় নিয়ে আসেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা পেলেও তাঁরা পাননি। তাঁর ভাইয়ের তিনটি ছোট ছোট শিশুসন্তান আছে। অর্থসহাতার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ট্রেন দুর্ঘটনায় করিমগঞ্জের একজনের মারা যাওয়ার খবর পেয়েছেন।

আরও পড়ুন

কুলিয়ারচরেও যদি এমন কেউ থাকেন, তাহলে স্বজনদের প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ থাকবে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া দরকার। ঘটনার সত্যতা নিশ্চিত হলে অবশ্যই তাঁদের সরকারিভাবে সহায়তা করা হবে। তিনি আরও জানান, লাশ হস্তান্তরের সময় প্রাথমিকভাবে দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পরে আরও সহযোগিতার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।