ফরিদপুরে খন্দকার মোশাররফের ৫ অনুসারীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলার আসামি সিদ্দিকুর রহমান (মাঝে), খন্দকার মোহতেশাম হোসেন (বাঁয়ে উপরে), এ এইচ এম ফোয়াদ (বাঁয়ে নিচে), সাজ্জাদ হোসেন ওরফে বরকত (ডানে উপরে) এবং ইমতিয়াজ হাসান ওরফে রুবেল
ছবি: সংগৃহীত

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানকে প্রধান আসামি করে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা পাচারের অভিযোগে আরও একটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফরিদপুর সিআইডির পরিদর্শক নাসিরউদ্দিন বাদী হয়ে গতকাল বুধবার কোতোয়ালি থানায় মামলাটি করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী/ ২০১৫)–এর ৪ (২) ধারায় মামলাটি করা হয়েছে। গতকাল বুধবার থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ২৮। মামলার তদন্ত করবে সিআইডি। তদন্ত শেষ করে তারাই আদালতে অভিযোগপত্র জমা দেবে।

আরও পড়ুন

এর আগে ২০২০ সালের ২৬ জুন ঢাকার কাফরুল থানায় সাজ্জাদ হোসেন ও ইমতিয়াজ হাসানের নামে আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে প্রথম মামলাটি করে সিআইডি। ওই মামলায় প্রথমে ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ৩৭ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

মামলার আসামিরা হলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর, খন্দকার মোশাররফের সহকারী একান্ত সচিব (এপিএস) এ এইচ এম ফোয়াদ, খন্দকার মোশাররফের অনুসারী শহর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তাঁর ভাই ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেল। আসামিরা ঢাকার কাফরুল থানায় করা অর্থ পাচার মামলারও আসামি।

আরও পড়ুন

মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফের ভাই খন্দকার মোহতেশাম হোসেনের মাধ্যমে ঠিকাদারি কাজে ৩ থেকে ৫ শতাংশ কমিশন নিতেন ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। খন্দকার মোহতেশামের পরে তিনি (সিদ্দিক) খন্দকার মোশাররফের এপিএস ফোয়াদ ও মোশাররফের ঘনিষ্ঠজন বরকত ও রুবেলের হেলমেট ও হাতুড়ি বাহিনী ব্যবহার করে কমিশন–বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। একচেটিয়া আধিপত্য বিস্তার করে ফরিদপুর চেম্বার অব কমার্স, ফরিদপুর রেলস্টেশনের পাশে বালু ও পাথরের ব্যবসা এবং সিঅ্যান্ডবি ঘাট ও টেপাখোলা হাট নিয়ন্ত্রণ করে ১০০ কোটি ৫২ লাখ ৭৬ হাজার টাকা উপার্জন করেন।

আরও পড়ুন

সিদ্দিকুর রহমান ছাড়া মামলার বাকি আসামিরা অন্য মামলায় কারাগারে আছেন। সিদ্দিকুর রহমান মামলাটি ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে মামলার সূত্র হিসেবে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলার স্মারক ব্যবহার করা হয়েছে। অথচ সেই মামলাটি খারিজ হয়ে গেছে।’ তিনি বলেন, তাঁর বাবা ৩৬ বছর এবং তিনি ২৭ বছর ধরে ব্যবসা করছেন। তাঁদের আয়কর ফাইলও আছে। সেই আয়কর ফাইলে যে সম্পদ আছে, সেটিকে অবৈধ সম্পত্তি হিসেবে মামলায় দেখানো হয়েছে। তাঁর দাবি, ওই আয় সৎ ব্যবসা থেকে পাওয়া। এর সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই।