কুমিল্লায় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধন
‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান নিয়ে আজ বুধবার কুমিল্লায় শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক বিতর্ক উৎসব। কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আজ সকালে উৎসবের উদ্বোধন করা হয়। সকাল নয়টায় বিদ্যালয়টির একদল শিক্ষার্থীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
পরে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের। তিনি বলেন, ‘আমরা যুক্তিবাদী মানুষ চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল থেকে বাংলাদেশ টেলিভিশন বিতর্কে ১৯৮৪ সালে অংশ নিই। আজ এখানে এসে সেই দিনের কথা মনে পড়ছে।’ তিনি আরও বলেন, বিতর্ক করলে জানার পরিধি বাড়ে। বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যুক্তির খুবই প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা, টি কে গ্রুপ অব ইন্ডাস্ট্রির পুষ্টি কনজ্যুমার প্রোডাক্ট কুমিল্লা অঞ্চলের বিক্রয় ব্যবস্থাপক শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লায় কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।
মাদকের কুফল নিয়ে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য। তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শিক্ষা নেওয়ার তাগিদ দেন। পরে সনাতনী বিতর্ক নিয়ে কর্মশালা ও সনাতনী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।
বিতর্ক উৎসবে কুমিল্লা অঞ্চলের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠান হবে।