বৃষ্টির দিনে বঙ্গবন্ধু সাফারি পার্কে ঈদের আমেজে দর্শনার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টিভেজা দিনেও গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এসেছেন পর্যটকেরা। শুক্রবার বিকেল সোয়া তিনটায় সাফারি পার্কের প্রধান ফটকে
ছবি: প্রথম আলো

সকাল থেকেই বৃষ্টি শুরু। একটু থেমে দুপুর থেকে টানা বৃষ্টি। তবু ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ শুক্রবারে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ঘুরতে আসছেন লোকজন। তবে পর্যটকের সংখ্যা আগের ঈদের তুলনায় কম।

বেলা তিনটায় সাফারি পার্কের মূল ফটকের সামনে গিয়ে দেখা যায়, পার্কের মূল ফটক থেকে বাইরের দিকে ইন্দ্রপুর বাজার পর্যন্ত ব্যক্তিগত গাড়ি, ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার জটলা। ফটকের সামনের বেশ কিছু অংশে পানি জমে আছে। পর্যটকেরা পানি মাড়িয়ে পার্কে প্রবেশ করছেন। অন্যবারের ঈদের ছুটির মতো ফটকের বাইরের টিকিট কাউন্টারে তেমন ভিড় নেই।

তিনটার দিকে টিকিট কাউন্টারে ১০ থেকে ১২ জন টিকিট কাটছিলেন। মূল ফটক পেরিয়ে ভেতরে গিয়ে কোর সাফারির সামনে শতাধিক পর্যটককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কোর সাফারির ভেতর দক্ষিণ আফ্রিকার বাঘ, সিংহ, হরিণ, ওয়াইল্ড বিস্ট, জেব্রা, জিরাফসহ নানা প্রাণী দেখার জন্য তাঁরা বাসে ওঠার অপেক্ষা করছিলেন। অপর দিকে পাশেই সাফারি কিংডমের ভেতর বিদেশি পাখি দেখার শেডেও লোকজন ঘুরছিলেন। অনেকের হাতে ছাতা কিংবা শরীরে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার সরঞ্জাম।

গাজীপুরের শিববাড়ী থেকে এসেছেন স্নিগ্ধা আক্তার। তিনি তাঁর দুই ছেলে-মেয়েকে জীবজন্তু দেখানোর জন্য পার্কে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘ছুটি খুব বেশি দিন নেই। তাই বৃষ্টির মধ্যেই সবাইকে নিয়ে ঘুরতে এসেছি।’

কাপাসিয়ার রানীগঞ্জ থেকে মো. পারভেজ আহমেদ পুরো পরিবার নিয়ে সাফারি পার্কে ঘুরতে এসেছেন। পারভেজ বলেন, বৃষ্টির মধ্যে গাড়ি ভাড়া করে চলে এসেছেন। এখন পাখি দেখার শেডে এসে বৃষ্টিতে ভিজতে হচ্ছে। তবে বাঘ-সিংহ দেখার সময় বাসের ভেতরে থাকায় সেখানে অসুবিধা হয়নি।

আরও পড়ুন

ময়মনসিংহের ভালুকা এলাকায় চাকরি করেন রেজাউল করিম। তিনি ছুটিতে বাড়ি যাননি। আজ স্ত্রী-সন্তানকে নিয়ে বৃষ্টিতে সাফারি পার্কে এসেছেন। তিনি জানান, বৃষ্টির মধ্যে এসে প্রাণী দেখতে খুব বেশি সমস্যা হচ্ছে না। বৃষ্টি থাকায় পর্যটক কম। এতে শান্তিমতো প্রাণী দেখার জন্য ঘুরতে পারছেন।

সাফারি পার্ক সূত্র জানায়, ঈদের দিন গতকাল বৃহস্পতিবার পর্যটকের সংখ্যা খুব বেশি ছিল না। আজ অনেক মানুষ আসবে বলে ধারণা করেছিল তারা। তবে বৃষ্টি থাকায় আশানুরূপ পর্যটকের দেখা পায়নি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল ৯টায় শুরু করে পার্ক খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত। তবে বৃষ্টির কারণে এবার ঈদের দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা কম। বৃষ্টি কমলে পরের দিনগুলোতে অনেক বেশি পর্যটক আসবে বলে আশা করছেন। আজ আট হাজারের মতো পর্যটক পার্কে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এতে প্রবেশ টিকিট জনপ্রতি ৫০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য (শর্ত সাপেক্ষে) টিকিটের মূল্য নেওয়া হয় ১০ টাকা। ভেতরে প্রবেশের পর বিভিন্ন প্রাণীর জন্য সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে হলে আলাদাভাবে টিকিট কিনতে হবে।

পার্কটির প্রধান আকর্ষণ হলো আফ্রিকান কোর সাফারি। এটি একটি বিশেষায়িত প্রাণীর বাসস্থান। যেখানে কেবল আফ্রিকা থেকে আনা বাঘ, সিংহ, হরিণ, জিরাফ, বনগরু, জেব্রাসহ আরও অনেক প্রাণী রয়েছে। পার্কের নিজস্ব ব্যবস্থাপনায় আটটি পর্যটক বাসে করে কোর সাফারি দেখার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বাসের টিকিট ফি ১৫০ টাকা। পার্কে রয়েছে ‘৯–ডি’ থিয়েটার। আরও আছে কুমির প্রজননকেন্দ্র, প্রজাপতি পার্ক, প্রাণী জাদুঘর, ওয়াটার ডিসকভারি, ওয়াচ টাওয়ার। বাচ্চাদের জন্য রয়েছে আধুনিক থিম পার্ক।