কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে চুরির অভিযোগে থানায় মামলা, গ্রেপ্তার নেই

কুষ্টিয়া পৌরসভা মেয়রের কার্যালয়ের তিনটি কক্ষের একাধিক আলমারি ভাঙা ও একটি সিন্দুক খোলা অবস্থায় পাওয়া গেছে
ফাইল ছবি

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর কার্যালয়ে চুরির অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। গতকাল রোববার রাতে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মাহামুদ রেজা চৌধুরী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।

আজ সোমবার সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পৌর কর্তৃপক্ষ বলছে, গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় মেয়রের কার্যালয়ে হানা দিয়ে তছনছ করে দুর্বৃত্তরা। মেয়রের কার্যালয়ে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও সংরক্ষণের দুটি ডিডিআর যন্ত্র ও একটি ক্যামেরা চুরি গেছে। এ ছাড়া কার্যালয়সহ তিনটি কক্ষের একাধিক আলমারি ভাঙা ও একটি সিন্দুক খোলা অবস্থায় পাওয়া গেছে। বেশ কিছু ফাইল ও কাগজপত্র তছনছ করা হয়েছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

কার্যালয় তছনছের ঘটনাটিকে ‘গভীর যড়যন্ত্র’ উল্লেখ করে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র। গতকাল রোববার বেলা একটায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার পরপরই সাইবার ক্রাইম ইউনিটসহ পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে। আশা করা যাচ্ছে, খুব দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটক করা হবে।