যেকোনো সমস্যার সমাধান দেয় বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসবের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এক বিতার্কিক। সোমবার কুষ্টিয়া জিলা স্কুল মিলনায়তনে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়ায় হয়ে গেল পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব। উৎসবে বক্তারা বলেন, যুক্তি-তর্কের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। বিতর্কের ভেতর দিয়ে ভালো কিছু করা সম্ভব। বিতর্ক যেকোনো সমস্যার সমাধান দিয়ে দেয়। তাই একজন বিতার্কিক মননশীল ও স্মার্ট হয়।

‘যোগ দাও মুক্তির মেলায়’ স্লোগানে সোমবার কুষ্টিয়া জিলা স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক এ এস এম মুসা কবির।

যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে সত্য প্রতিষ্ঠিত হয়ে আসছে জানিয়ে মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেন চিকিৎসক এ এস এম মুসা কবির। তিনি বলেন, মাদকের করাল গ্রাস সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এক দিনের জন্য হলেও মাদক মুখে নেওয়া যাবে না। আর এ জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। আর বিতর্ক যেকোনো সমস্যার সমাধান দিয়ে দেয়। তাই একজন বিতার্কিক মননশীল ও স্মার্ট হয়।

উদ্বোধনী পর্বে ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক স্বপন কুমার বলেন, তোমরা জিনিয়াস। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে আরও জিনিয়াস হতে পারবে। এই আয়োজনের মধ্য দিয়ে আরও জিনিয়াস হয়ে তোমরা দেশ ও বিশ্বে নেতৃত্ব দেবে।

কুষ্টিয়া জিলা স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মঈন উদ্দীন আহমেদ বলেন, শিক্ষার্থীদের ভালো কিছু করবে এবং সেটা আন্তরিকতার সঙ্গে করতে হবে। যুক্তি–তর্কের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এটা অনেক ভালো সুযোগ। বিতর্কের ভেতর দিয়েই সামনে ভালো কিছু করা সম্ভব। নিজের দায়িত্ববোধ থেকে কাজটুকু সুন্দর করে করতে হবে। পুষ্টি ও প্রথম আলোকে ধন্যবাদ এ ধরনের আয়োজন করার জন্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়ায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান। বিতর্ক উৎসবে কুষ্টিয়ার ১২টি ও ঝিনাইদহ জেলা থেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিকেলে ফাইনাল রাউন্ডে কুষ্টিয়ার সানআপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক হয় চ্যাম্পিয়ন দলের সদস্য দশম শ্রেণির ছাত্রী মিফতা আল জান্না নবনী।

আরও পড়ুন
অনুষ্ঠান চলাকালে মাদকের বিষয়ে সচেতন থাকার অঙ্গীকার করে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

এর আগে বিতর্কের প্রথম রাউন্ড শেষে সনাতনী বিতর্ক নিয়ে কর্মশালা, সনাতনী বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা হয়। বারোয়ারি বিতর্কে অংশ নিয়ে সেরা হয় কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফাতেমা মারজিয়া।

ফাইনাল রাউন্ড শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলকে মেডেল, অভিনন্দনপত্র ও ট্রফি তুলে দেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এফতেখাইরুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক আসমা আখতার প্রমুখ। এফতেখাইরুল ইসলাম বলেন, প্রথম আলোর এসব আয়োজন সত্যিই দারুণ। এ আয়োজনে সহযোগিতা করতে পেরে তিনি আনন্দিত।

আয়োজকেরা বলেন, পুরো বিতর্ক আয়োজনে বিচারক হিসেবে ছিলেন কুষ্টিয়া ডিবেটিং সোসাইটির ৯ জন বিতার্কিক সদস্য। সবশেষে কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি মাহফুজা লুবনা ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। ১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে এ স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।

আরও পড়ুন