চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালানো আজিজুল ধামরাইয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তারের পর আজিজুল শেখকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আজ শুক্রবার সকালে
ছবি: প্রথম আলো

চুয়াডাঙ্গা আদালত চত্বরে পুলিশ বেষ্টনীর মধ্য থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হাজতি আজিজুল শেখকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল সমন্বিত অভিযান চালিয়ে ঢাকার ধামরাই থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন আজ শুক্রবার বেলা ১১টায় তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আজিজুল শেখ ওরফে আশিকুল ওরফে আশিক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় গুচ্ছগ্রামের বাসিন্দা।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল শেখের বিরুদ্ধে খুন-ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৪টি মামলা রয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার একটি ডাকাতি মামলায় জামিন শুনানির জন্য ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে তাঁকে জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালত চত্বরে নেওয়া হয়। কিন্তু আদালতে তোলার আগেই পুলিশ বেষ্টনীর মধ্যেই কৌশলে হাতকড়া খুলে আজিজুল শেখ পালিয়ে যান। ওই ঘটনায় আদালত পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ।

আরও পড়ুন

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন সংবাদ সম্মেলনে বলেন, পলাতক আজিজুল শেখ আন্তজেলা অপরাধচক্রের সদস্য। চুয়াডাঙ্গা থেকে পালিয়ে পূর্বপরিচয়ের সূত্র ধরে ধামরাইয়ে ঘনিষ্ট একজনের কাছে আশ্রয় নেন। কিন্তু তাঁর কাছে কোনো মুঠোফোন না থাকায় অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।