পদ্মার ঢাঁই ও কাতলা বিক্রি হলো ৪৭ হাজারে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে একটি ঢাঁই ও একটি কাতলা মাছ ৪৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার এক ব্যবসায়ী ঢাঁই মাছটি ২৬ হাজার ও কাতলা মাছটি ২১ হাজার টাকায় কেনেন। মাছ দুটি আজ সকালে গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে।
স্থানীয় জেলেরা জানান, সকালে পদ্মার বাহিরচর দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়া এলাকার মোহনায় জেলে সাঈদ শেখ ওরফে সাঈদ হালদার সঙ্গীদের নিয়ে জাল ফেলেন। সাঈদ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইদ্রিস শেখের পাড়ার বাসিন্দা। সকাল ১০টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বড় একটি কাতলা মাছ। মাছটি বিক্রির জন্য সাঈদ দৌলতদিয়া ঘাটের মাছবাজারের রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন। মাছটি নিলামে তুলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন।
ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ বলেন, মাছটির ওজন প্রায় ১৫ কেজি। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি ১৯ হাজার ৫০০ টাকা দিয়ে কেনেন তিনি। পরে দুপুরের দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ২১ হাজার টাকায় কাতলাটি বিক্রি করে দেন।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাট মাছবাজারে আড়তদার দুলাল মণ্ডলের আড়তে বড় একটি ঢাঁই মাছ বিক্রির জন্য নিলামে তোলা হয়। মাছটির ওজন ৮ কেজি ৪০০ গ্রাম। সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ ৩ হাজার টাকা কেজি দরে মোট ২৫ হাজার ২০০ টাকায় কেনেন।
ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ঢাঁই বিলুপ্তপ্রায় একটি মাছ। পদ্মার ঢাঁই অনেক সুস্বাদু। সহজে দেখা মেলে না। এ জন্য দামও অনেক বেশি। নিলামে ৩ হাজার টাকা কেজি দরে কিনে কেজিপ্রতি ১০০ টাকা লাভে মোট ২৬ হাজার টাকায় নারায়ণগঞ্জের এক পরিচিত ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন।