ফরিদপুরের ৪টি আসনে নৌকা চান ৪৩ জন, দলে পদ নেই, আছেন এমন নেতাও
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে ৪৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ তালিকায় বর্তমান সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যেমন রয়েছেন, পাশাপাশি এমন অনেকেই রয়েছেন, যাঁদের নাম অতীতে শোনা যায়নি, দলীয় কর্মকাণ্ডে দেখা যায়নি এবং অনেকের দলীয় কোনো পদও নেই।
এই ৪২ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে সবচেয়ে বেশি ২২ জন মনোনয়ন ফরম কিনেছেন ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) আসনের জন্য। সবচেয়ে কম মাত্র দুজন মনোনয়ন ফরম কিনেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জন্য। ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে মনোনয়ন ফরম কিনেছেন ৮ জন এবং ফরিদপুর-৩ (সদর) আসনে মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন।
ফরিদপুর-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী দুজন হলেও তাঁরা দুজনই গণমাধ্যমে সর্বাধিক আলোচনায় থাকা দুই নেতা। এর একজন হলেন ওই আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানও হয়েছেন। অপরজন হলেন বর্তমান এমপি (স্বতন্ত্র) ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। এই দুজনের পারস্পরিক তিক্ততা ও বাদানুবাদের কথা সারা দেশের মানুষই কম-বেশি জানেন। বড় জনসভা হোক কিংবা ছোট উঠান বৈঠক, যে ভাষায় এই দুই নেতা একে অপরকে আক্রমণ করে কথা বলেন, তা অনেক সময় শালীনতার মাত্রাজ্ঞান ছাড়িয়ে যায়।
ফরিদপুর-১ আসনে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খান মঈনুল ইসলাম ওরফে মোস্তাক, আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি দিলীপ কুমার রায়, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, পুলিশের সাবেক সহকারী মহাপরিদর্শক (এআইজি) মালিক খসরু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য হাসনাত মিয়া, লায়ন সাখাওয়াত হোসেন, পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক উপাচার্য (ভিসি) বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির কমিটির সাবেক সদস্য গোলাম কবীর, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বখতিয়ার রহমান, আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য মো. খায়ের মিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক শেখ আব্দুর রহিম, ফরিদপুর জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম এবং সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ।
ফরিদপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশীর ছড়াছড়ির বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীকুল মীরদাহ বলেন, ‘এই আসনটি নৌকার প্রার্থীর বিজয়ী হওয়ার জন্য অনুকূল। কোনোভাবে মনোনয়ন পেলেই বিজয় সুনিশ্চিত—এ ভাবনা থেকে চেনা-অচেনা, জানা-অজানা ব্যক্তিরা হুমড়ি খেয়ে দলীয় মনোনয়ন কিনেছেন। তাঁরা হয়তো ভেবে বসে আছেন, লটারি করে প্রার্থী নির্বাচন করা হবে, যদি লাইগা যায়। কিন্তু মনোনয়ন প্রদানে লটারির যে কোনো সুযোগ নেই, আগামী দু-এক দিনের মধ্যেই বিষয়টি তাঁরা বুঝতে পারবেন।’
ফরিদপুর-২ আসনে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি শাহদাব আকবর চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিয়া, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি কাজী আব্দুস সোবহান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মেজর (অব.) আতমা হালিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী, জেলা মহিলা লীগের সহসভাপতি আঞ্জুমান আরা বেগম, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপকমিটির সদস্য মো. ছাব্বির হোসেন এবং জেলা জজকোর্টের আইনজীবী সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘সবার গণতান্ত্রিক অধিকার আছে প্রার্থী হওয়ার। নিজেকে যোগ্য মনে করছেন বলেই হয়তো তাঁরা প্রার্থী হয়েছেন। এতে আমি দোষের কিছু দেখি না।’
ফরিদপুর-৩ আসনে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এ কে আজাদ, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাইফুল আহাদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, গ্রুপ ক্যাপ্টেন ইদ্রিস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জি এবং ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ কবির।
এ আসনে এমপি খন্দকার মোশাররফের মনোনয়ন কেনা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। ২০২০ সালের ১৬ মে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর জের ধরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, টেন্ডারবাজিসহ নানা অভিযোগে ফরিদপুরে বরকত-রুবেল দুই ভাইসহ খন্দকার মোশাররফের অনুসারীদের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে। এর পর থেকেই খন্দকার মোশাররফ ফরিদপুরের রাজনীতি থেকে নির্বাসনে রয়েছেন। এমনকি প্রায় দেড় বছর থেকে তিনি দেশেই থাকছেন না। এখন প্রশ্ন উঠেছে, ফরিদপুরের রাজনীতিতে কি আবারও প্রত্যাবর্তন করছেন মোশাররফ?
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহা বলেন, ‘আমি লোকমুখে খবরটি জেনেছি। মানুষের লোভের তো কোনো শেষ নেই। এ কারণেই এ জাতীয় ঘটনা ঘটে কিংবা আমাদের দেখতে হয়।’