বগুড়া ছাত্রলীগের আট উপজেলা ও কলেজ কমিটি পুনর্গঠনে বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ভাঙার পর দরজাটি খুলে ফেলে দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বগুড়া শহরে টেম্পল সড়কের আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে
ছবি: প্রথম আলো

বগুড়ায় জেলা ছাত্রলীগের অধীন আটটি সাংগঠনিক ইউনিট পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সাংগঠনিক ইউনিটে আংশিক কমিটি রয়েছে। এ জন্য ওই আংশিক কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাদের চলমান আন্দোলনের মধ্যে এ ঘোষণা এল। আজ সোমবার সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা এবং সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা না মানলে আংশিক কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

এই আটটি সাংগঠনিক ইউনিট হলো বগুড়া শহর শাখা, কাহালু উপজেলা শাখা, নন্দীগ্রাম উপজেলা শাখা, গাবতলী উপজেলা শাখা, দুপচাঁচিয়া উপজেলা শাখা, সরকারি শাহসুলতান কলেজ শাখা, সান্তাহার সরকারি কলেজ শাখা ও সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ শাখা।

বগুড়া জেলা ছাত্রলীগের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের কাছ থেকে আগামী সাত কর্মদিবসের মধ্যে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ জীবনবৃত্তান্ত দিতে হবে।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, সংগঠনকে গতিশীল করার জন্য জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অধীনস্থ আটটি সাংগঠনিক ইউনিটকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

আরও পড়ুন

এর আগে ৪ ডিসেম্বর সজীব সাহা ও আল মাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর ও বগুড়া শহর শাখার সভাপতি সুজিত কুমারকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁদের স্থলে গাবতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাকিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া শহর ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

এ ছাড়া পদবঞ্চিতদের চলমান আন্দোলনের মধ্যেই ২২ নভেম্বর সজীব সাহা ও আল মাহিদুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বগুড়া সদর উপজেলা এবং সরকারি আজিজুল হক কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে ছাত্রলীগের আরেকটি অংশ নতুন কমিটির এ সিদ্ধান্তকে অবৈধ ও অসাংগঠনিক দাবি করে গণমাধ্যমে পাল্টা বিজ্ঞপ্তি পাঠায়।

জেলা ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত ৭ নভেম্বর সম্মেলন ছাড়াই বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এর পরপরই শহরের টেম্পল সড়কে জেলা ছাত্রলীগের কার্যালয়ের সামনে জড়ো হন পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা। একই সঙ্গে নতুন কমিটি প্রত্যাখ্যান করে কার্যালয়ে তালা লাগিয়ে দেন তাঁরা।

এদিকে ৩ ডিসেম্বর রাতে নতুন কমিটির সভাপতি সজীব সাহা ও সাধারণ সম্পাদক আল মাহিদুলের নেতৃত্বে ছাত্রলীগের নতুন কমিটির নেতা-কর্মীরা সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন। এ ঘটনায় পদবঞ্চিত নেতা-কর্মীদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি।