কার্যালয়ের নিয়ন্ত্রণ নিলেন বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলা ছাত্রলীগের কার্যালয়ে তালা ভাঙার পর দরজাটি খুলে ফেলে দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় বগুড়া শহরে টেম্পল সড়কের আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে
ছবি: প্রথম আলো

পদবঞ্চিত অংশের নেতা-কর্মীদের লাগানো তালা ভেঙে আবারও কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছেন বগুড়া জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ও তাঁদের অনুসারীরা। তালা ঝুলিয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মাথায় আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নতুন কমিটির নেতা-কর্মীরা তালা ভাঙেন। পরে তাঁরা কার্যালয়ে সাংগঠনিক বৈঠকও করেন।

এদিকে পরে কেউ যেন আর তালা লাগাতে না পারে, এ জন্য কার্যালয়ের দরজা খুলে কার্যালয়ের বাইরে ফেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জানতে চাইলে বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল জয় প্রথম আলোকে বলেন, ‘আমরা মিটিং করে বেরিয়ে দেখি দরজা নেই। কে বা কারা দরজা খুলে বাইরে ফেলে দিয়েছে, তা বলতে পারছি না।’

জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘অন্যদিনের মতো আজও সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেছি আমরা। কে বা কারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল, ওই তালা ভেঙে ফেলা হয়েছে।’

ছাত্রলীগের পরস্পরবিরোধী দুই অংশের বিরোধের শুরু গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে।

এর আগে জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে এক মাসের বেশি সময় কার্যালয়ে তালা ঝুলিয়ে রাখেন বঞ্চিত অংশের নেতা-কর্মীরা। শহীদ বুদ্ধিজীবী দিবসে পুলিশের সহযোগিতায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তালা ভেঙে কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ওই কার্যালয়ে আবার তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিত অংশের নেতারা।

আরও পড়ুন

মহান বিজয় দিবসে কর্মসূচি পালন করতে গিয়ে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা বঞ্চিতদের বাধার মুখে পড়েন। একপর্যায়ে ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। তখন অপর অংশের প্রতিরোধের মুখে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা কার্যালয়ে ঢুকতে না পেরে চলে যান। পদবঞ্চিত অংশের নেতা-কর্মীরা কার্যালয়ে নতুন করে তালা ঝুলিয়ে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি পালন করেন। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ তালা ভেঙে আবার কার্যালয়ে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেন।

আরও পড়ুন

দলীয় নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, ছাত্রলীগের পরস্পরবিরোধী দুই অংশের বিরোধের শুরু গত ৭ নভেম্বর বগুড়া জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে। এদিন কেন্দ্রীয় ছাত্রলীগ সম্মেলন ছাড়াই সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৩০ জনের নাম ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপরই শহরের টেম্পল সড়কে আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন পদবঞ্চিত ও কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা। ওই ভবনে ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের কার্যালয়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কমিটি প্রত্যাখ্যান করে ওই ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। এরপর লাগাতার আন্দোলন ও বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তালা ঝুলিয়ে দেওয়ায় জেলা ছাত্রলীগের কার্যালয়ের নিয়ন্ত্রণও ছিল পদবঞ্চিত অংশের হাতে।

আরও পড়ুন