বান্দরবানের থানচিতে পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এক শ্রমিক নিহত
বান্দরবানের থানচিতে সড়কের পাশে পুঁতে রাখা বোমা (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস—আইইডি) বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে থানচি উপজেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে বঙ্কুপাড়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মোহাম্মদ রাশেদ (১৮)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনাপাড়ার নুরুল হকের ছেলে। আহত দুলাল (৩৫) একই এলাকার মহিবুল্লাহর ছেলে। তাঁরা দুজনই নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লেইক্রি সড়কে শ্রমিকের কাজ করছিলেন। কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ১৭ মে বঙ্কুপাড়া এলাকার কাছাকাছি রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের সালোপিপাড়া এলাকায় কেএনএর আইইডি বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা নামের এক ব্যক্তি নিহত ও আব্রাহাম ত্রিপুরা নামের একজন আহত হন। এর আগের দিন ১৬ মে একই ইউনিয়নের লুম্বুপাহাড়ে কেএনএর আইইডি বিস্ফোরণ ও গুলিবর্ষণে দুই সেনাসদস্য নিহত এবং দুই সেনা কর্মকর্তা আহতের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের নির্মাণকাজের জন্য বাঁশখালীর ১৬ জন শ্রমিক বঙ্কুপাড়া এলাকায় গিয়েছিলেন। সকাল ১০টার দিকে ১৪ জন শ্রমিক বিশ্রাম নিচ্ছিলেন। বাকি দুজন সড়কের ধারে আগাছা পরিষ্কার করার সময় আকস্মিক বিস্ফোরণ ঘটে। এতে মোহাম্মদ রাশেদ ও দুলাল (৩৫) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় মোহাম্মদ রাশেদের মৃত্যু হয়।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল নোমান বলেন, দুপুর সোয়া ১২টার দিকে বিস্ফোরণে আহত দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে রাশেদকে মৃত অবস্থায় আনা হয়। বিস্ফোরকের আগুন ও স্প্লিন্টারে তাঁর মুখ বিকৃত হয়েছে। বুকেও ক্ষত দেখা গেছে। আহত দুলাল বাঁ বাহুতে স্প্লিন্টারে মারাত্মক আঘাত পেয়েছেন। তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, কেএনএর পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মোহাম্মদ রাশেদ নিহত ও দুলাল আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছরের ৯ অক্টোবর থেকে অভিযান পরিচালনা করছে। কেএনএফের কথিত সামরিক শাখার নাম কেএনএ। ইতিপূর্বে এ সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় অভিযান চালিয়ে দেশের নতুন জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই আস্তানায় সমতল থেকে আসা জঙ্গিরা প্রশিক্ষণ নিত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছে।