ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের তদন্তে বিচার বিভাগীয় কমিটি ও ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা দূর করার দাবিতে বিক্ষোভ করে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। আজ দুপুরে হাসপাতালের সামনেছবি : প্রথম আলো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনার পর হতাহত ব্যক্তিদের নিয়ে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্যের সমালোচনা করেছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। এ অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের দাবিও জানানো হয়েছে।

একই সঙ্গে প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

আরও পড়ুন

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

হাসপাতালের অব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ডে হতাহত নিয়ে কর্তৃপক্ষের ‘মিথ্যাচারের’ প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি কয়েকজন সাধারণ মানুষও অংশ নেন।

সমাবেশে ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের পর বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের কর্মকর্তারা কেউ নিহত বা আহত হননি বলে বক্তব্য দিয়েছিলেন। পরে সাংবাদিকদের প্রতিবেদনে হতাহত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। তাঁর দাবি, প্রশাসনের ওই বক্তব্যে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মিথ্যা তথ্য দেওয়ার নৈতিক দায় নিয়ে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণ করতে হবে।
ইমতিয়াজ আহমেদ, ময়মনসিংহ মঞ্চের মুখ্য সমন্বয়ক

ইমতিয়াজ আহমেদ বলেন, ‘সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং মিথ্যা তথ্য দেওয়ার নৈতিক দায় নিয়ে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ময়মনসিংহ থেকে অপসারণ করতে হবে।’

নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারের জন্য এক কোটি টাকা করে অনুদান এবং আহত ব্যক্তিদের বিনা মূল্যে বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের সব ধরনের অব্যবস্থাপনা দ্রুত দূর করার দাবি জানান বক্তারা।

হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ধারাবাহিকতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন ময়মনসিংহ মঞ্চের সংগঠক আবু বকর সিদ্দিক। তিনি বলেন, এর আগে হাসপাতালটিতে এ ধরনের ঘটনা ঘটলেও এবার পরিস্থিতি গুরুতর হয়েছে। দুর্ঘটনার পর হতাহতের তথ্য নিয়ে কর্তৃপক্ষের বক্তব্যেরও জবাবদিহি করতে হবে। দাবি মানা না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল প্রশাসন গত মঙ্গলবার একটি কমিটি গঠন করেছিল। পরে সেটি বাতিল করে গতকাল ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও মঙ্গলবার পাঁচ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত সোমবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আটতলা ভবনের ১১ নম্বর লিফটের বাইরের আবরণে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার পর আতঙ্কে বিভিন্ন তলা থেকে রোগী ও স্বজনেরা হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে আহত হন।

এ ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য সামনে এলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন তা নাকচ করে আসছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ গতকাল বুধবার হাসপাতাল পরিদর্শনে গিয়ে বলেন, চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন এবং দুজন আগুনের আতঙ্কে মারা গেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল প্রশাসন গত মঙ্গলবার একটি কমিটি গঠন করেছিল। পরে সেটি বাতিল করে গতকাল ছয় সদস্যের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও মঙ্গলবার পাঁচ সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন