কক্সবাজারের সাত স্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ, উপজেলা পরিষদের ফটকে তালা
কক্সবাজারে সাতটি স্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল সোমবার রাতে কক্সবাজার শহরসহ জেলার একাধিক স্থানে পৃথকভাবে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ও প্রধান সড়কের নিউমার্কেট এলাকায় একাধিক ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরিত হয়। এ সময় আতঙ্কে পথচারীরা ছোটাছুটি শুরু করেন।
এ ছাড়া রাত ১২টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড এলাকা, ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁও উপজেলার মাইজপাড়া স্কুল ফটক এলাকায় বেশ কয়েকটি ককটেল ও পেট্রলবোমার বিস্ফোরণ হয়।
এদিকে গতকাল মধ্যরাতে টেকনাফের একটি সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন কিছু তরুণ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই মাস্ক পরা ছিলেন।
রাতে একাধিক স্থানে বিস্ফোরণের এ ঘটনায় কক্সবাজার শহরে থাকা পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানতে চাইলে জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান প্রথম আলোকে বলেন, রাতে জেলার একাধিক স্থানে ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
পুলিশ কর্মকর্তা অহিদুর রহমান আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদেরও চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে নিয়মিত তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উপজেলা পরিষদের ফটকে তালা
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ২৫ সেকেন্ডের। এতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। যুবকদের একজনের মাথায় হেলমেট, অন্যজন মাস্ক পরে রয়েছেন। ব্যানারের নিচে লেখা রয়েছে—চকরিয়া পৌরসভা ছাত্রলীগ।
জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তালা ও ব্যানার অপসারণের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
বিষয়টি সম্পর্কে জানতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।