গাজীপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে পালিয়েছে গ্রেপ্তার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে পরিবারের সদস্যদের নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে ও ওয়্যারলেস সেট কেড়ে নিয়ে গ্রেপ্তার এক আসামি পালিয়ে গেছেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পুলিশ আত্মরক্ষার্থে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়া আসামির মা ও বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় গুরুতর আহত হয়ে কালীগঞ্জ থানার পুলিশ কনস্টেবল নাইমুর রহমান ঢাকায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) সাব্বির হায়দার, শামীম আল মামুন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতান মাহমুদ। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন

পলাতক ওই আসামির নাম আরিফ হোসেন (৪০)। তিনি ডেমরা গ্রামের জহিরুল হকের ছেলে। কালীগঞ্জ থানার একটি মারামারির মামলার প্রধান আসামি তিনি।

গ্রেপ্তার আসামি ও তাঁর পরিবারের সদস্যদের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এজাহারভুক্ত আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করতে মঙ্গলবার রাতে অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১১টার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাব্বির হায়দারের নেতৃত্বে ডেমরা গ্রামে অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় সময় আরিফের মা, বোনসহ পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং এসআই সাব্বিরের সঙ্গে থাকা ওয়্যারলেস সেট ছিনিয়ে নেন আরিফ। ওয়্যারলেস সেট ফিরিয়ে দিয়ে আত্মসমর্পণ করতে বললে আরিফ ও তাঁর পরিবারের সদস্যরা পুলিশকে ধাওয়া দেন। এরপর থানায় খবর দিয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে পুনরায় আরিফকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ কনস্টেবল নাইমুর গুরুতর আহত হন। এ ছাড়া এসআই সাব্বির, শামীম ও এএসআই সুলতান সামান্য আঘাত পান।

আরও পড়ুন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। তবে আরিফকে আর ধরা যায়নি। পরে তাঁর মা ফাতেমা বেগম (৫০) ও বোন হাফসা আক্তারকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ডেমরা গ্রামসহ আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী প্রথম আলোকে বলেন, তাঁরা আরিফকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশের ওপর হামলার ঘটনায় আজ বুধবার সকালে আরিফ, তাঁর মা ও বোনকে আসামি করে নতুন করে একটি মামলা হয়েছে।

আরও পড়ুন