সাংবাদিকেরাই আমাদের সিসি ক্যামেরা: ইসি রাশেদা সুলতানা

নীলফামারী চারটি আসনের প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসি বেগম রাশেদা সুলতানার মতবিনিময়। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষেছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকেরা সিসিটিভি ক্যামেরার কাজ করবেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। আজ শনিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নীলফামারীর চারটি আসনের প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হক, নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

আরও পড়ুন

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নানা সীমাবদ্ধতার কারণে আমরা কেন্দ্রগুলোয় সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পারিনি। এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের ওপর নির্ভর করছি। সাংবাদিকেরা ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন। সাংবাদিকেরা ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করতে পারবেন। তবে এ ক্ষেত্রে যেন ভোট কার্যক্রমে কোনো ক্ষতি না হয়, সেটি বিবেচনায় রাখতে হবে।’

আরও পড়ুন

ভোটারদের উদ্দেশে ইসি বলেন, ‘ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশন উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরপেক্ষভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটকেন্দ্রে জাল ভোট বা কোনো প্রার্থীর পক্ষে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং বা পোলিং কর্মকর্তারা জড়িত থাকলে তাঁদের কঠোর সাজাসহ চাকরি থাকবে না। আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী বুঝে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করছি।’

আরও পড়ুন

রাশেদা সুলতানা বলেন, ‘আমরা প্রতিটি জেলায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। গুরুতর অভিযোগের ক্ষেত্রেও যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, একই পদক্ষেপ ছোট অভিযোগেও নেওয়া হচ্ছে। এ নিয়ে প্রার্থীদের কোনো চিন্তার কারণ নেই।’

আরও পড়ুন