পটুয়াখালীতে পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব
যুক্তিপূর্ণ তর্কের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হতে পারে
‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে আজ বৃহস্পতিবার চলছে পুষ্টি-প্রথম আলো আঞ্চলিক স্কুল বিতর্ক উৎসব। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আজ সকালে একদল শিক্ষার্থীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।
বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সন্তোষ কুমার বসু। এ সময় তিনি বলেন, ‘যুক্তিপূর্ণ তর্কের মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হতে পারে। বিভিন্ন কার্যক্রমের ভালোমন্দ বিচার করা যায় বিতর্কের মাধ্যমে। বিতর্ক একটি শিল্প। যে শিল্পের ছোঁয়ায় সমাজের বিভিন্ন অসংগতি কাটিয়ে ওঠা যায়। এটি একটি কথামালার শিল্পিত রূপ। এর সঙ্গে যুক্ত হতে পারলে বা চর্চা করলে, নিঃসন্দেহে দেশকে নিয়ে আমরা সবাই এগিয়ে যেতে পারব।’
সন্তোষ কুমার বসু বলেন, স্পষ্টতা, আত্মবিশ্বাস, নৈতিকতা ও মানবিকতার সঙ্গে একজন শিক্ষার্থী বেড়ে ওঠার সক্ষমতা অর্জন করতে পারলেই প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব। নিজেকে তুলে ধরা বা উপস্থাপন করার সক্ষমতা শিক্ষার্থীকে অর্জন করতে হবে। এ ক্ষেত্রে বিতর্কচর্চা বিরাট সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, একেএম কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক অশোক কুমার দাস। মাদকের কুফল নিয়ে কথা বলেন পটুয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (শিশুবিশেষজ্ঞ) সিদ্ধার্থ শংকর দাস। তিনি শিক্ষার্থীদের মাদককে ‘না’ বলার শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
পরে সনাতনী বিতর্ক নিয়ে কর্মশালা ও সনাতনী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। বিতর্ক উৎসবে পটুয়াখালী অঞ্চলের (পটুয়াখালী ও বরগুনা) ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠান হবে।
১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর উদ্যোগে এই স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে।