‘পুলিশ বিএনপির যাকেই ধরবে, সেখানেই বোমা না হলে বন্দুক পাবে’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন ওরফে বুলবুল বলেছেন, ‘পুলিশ এখন বিএনপির যাকেই ধরবে, সেখানেই বোমা না হলে বন্দুক পাবে, না হলে অন্য কিছু পাবে।’ কারণ, এগুলো পুলিশের নিজের পকেটেই থাকে। এগুলো বিএনপির কর্মীর পকেটে ঢোকাতে দুই মিনিট সময়ও লাগে না।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরের মালোপাড়ায় দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোসাদ্দেক হোসেন।
সংবাদ সম্মেলনে আগে লিখিত বক্তব্য পড়েন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী। তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ২৬ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমানকে আটক করে পুলিশ।
পরদিন সকালে পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে একটি হোটেল থেকে জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমানকে পুলিশ বিনা অপরাধে আটক করে। প্রথমে তাঁদের সন্দেহভাজন হিসেবে জেলহাজতে পাঠানো হয়। আদালত ৬ আগস্ট তাঁদের জামিন দেন। মুক্তির পর জেলগেট থেকে বাইরে বেরিয়ে আসার সময় নতুন দুটি ‘মিথ্যা মামলায়’ শফিকুলকে গ্রেপ্তার করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ৬ আগস্ট রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ বিএনপির বেশ কয়েকজনকে আসামি করে মামলা দিয়েছে। এই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমানের নাম রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলের নেতা-কর্মীকে হয়রানি করা ও কষ্ট দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। তাঁরা সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের নামে ‘ফরমায়েশি রায়ের’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনাদের অনেক সহকর্মীকে ইতিমধ্যে জেলখানায় বন্দী করে রাখছে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিশোধন করা হয়েছে শুনেছি। এটা নতুন মদ পুরোনো বোতলে ঢালার মতো। বিএনপির যেসব নেতারা সামনে নির্বাচনে অংশ নেওয়ার মতো, তাঁদের বিরুদ্ধে কেস-কাচারি করা হচ্ছে। সরকার বিচার বিভাগ, প্রশাসনকে ব্যবহার করছে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে সরিয়ে দেওয়া নিয়ে তিনি বলেন, দলের নেতারা ইতিমধ্যে বিবৃতি দিয়ে স্পষ্ট করেছেন যে ওই ছাত্রদল নেতা অসুস্থ আছেন। তিনি দায়িত্ব পালন করতে পারছেন না বলেই অন্য কাউকে দেওয়া হয়েছে। এখানে অন্য কোনো রাজনীতি নেই। তিনি আরও বলেন, রাজশাহীতে বিএনপির সাংগঠনিক অবস্থা ভালো। নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তবে নির্বাচন অনেক দূরের বিষয়, আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ করতে হবে।