আচরণবিধি নিয়ে অনুষ্ঠান ছিল ১০টায়, প্রার্থীরা এলেন আধা ঘণ্টা পর, ইসির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌর নির্বাচন উপলক্ষে আচরণবিধি নিয়ে মতবিনিময় সভায় প্রার্থীরা দেরিতে আসায় কারণ জানতে চান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান। শনিবার সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে
ছবি: প্রথম আলো

কক্সবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালন নিয়ে আজ শনিবার সকাল ১০টায় মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

নির্ধারিত সময়ের আগেই অতিথিরা অনুষ্ঠানস্থল কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে হাজির হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বেশির ভাগই উপস্থিত হননি। এ ঘটনায় প্রার্থীদের সময়জ্ঞান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসি আহসান হাবিব খান।

আরও পড়ুন

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকালে তাঁদের আচরণবিধি নিয়ে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে দেখা গেছে, সকাল পৌনে ১০টার দিকে অনুষ্ঠানস্থলে ঢোকেন নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তাসহ অতিথিরা। এরপর সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা হলে প্রবেশ করেন। কিন্তু হলের অধিকাংশ আসন তখনো ফাঁকা থাকায় ১০টায় অনুষ্ঠান শুরু করা যাচ্ছিল না। ১০টা ৫ মিনিটে ইসি আহসান হাবিব খান প্রার্থীদের দায়িত্বজ্ঞান নিয়ে কথা বলছিলেন। ১০টা ৯ মিনিটে হলে স্বতন্ত্র মেয়র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক রাশেদসহ কয়েকজন কাউন্সিলর প্রার্থী উপস্থিত হন। এ সময় নির্বাচন কমিশনার তাঁদের থামিয়ে বিলম্বের কারণ জানতে চান। জবাবে মাসেদুল হক বলেন, বিমানবন্দর সড়কে যানজট ছিল। এ জন্য পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। দেরিতে পৌঁছার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন

১৭ মিনিট দেরিতে অনুষ্ঠানস্থলে পৌঁছান আওয়ামী লীগের মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীসহ আরও ১০ থেকে ১২ জন কাউন্সিলর প্রার্থী। তাঁদের কাছেও বিলম্বে পৌঁছানোর কৈফিয়ত চান নির্বাচন কমিশনার। জবাবে মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, যানজটের কারণে তাঁরও পৌঁছাতে দেরি হয়েছে। এ জন্য তিনি দুঃখিত। ২৫ মিনিট দেরিতে হলে ঢোকেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জোসনা হক। তিনিও দেরিতে পৌঁছানোর জন্য ক্ষমা চান।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, আচরণবিধি প্রতিপালনবিষয়ক এ মতবিনিময় সভায় যথাসময়ে (সকাল ১০টায়) অংশগ্রহণের জন্য মেয়রসহ ৭৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আগে থেকেই জানানো হয়েছিল। এর মধ্যে ৮০ শতাংশ প্রার্থী সাড়ে ১০টার পর অনুষ্ঠানস্থলে এসেছেন।

আরও পড়ুন
কক্সবাজার পৌর নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. আহসান হাবিব খান। শনিবার সকালে শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে ইসি আহসান হাবিব খান প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘কক্সবাজারে এত যানজট আগে জানা ছিল না। যানজটের অজুহাতে সভায় দেরিতে এসেছেন মানলাম, কিন্তু দেরির কারণে কারও বিমান ফেল হয়েছে কি না সন্দেহ আছে।’ দায়িত্বজ্ঞান সম্পর্কে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘সময়জ্ঞান সম্পর্কে যদি নিজেরা ঠিক থাকতে না পারেন, জনগণের কল্যাণ কীভাবে সম্ভব।’

ইসি আহসান হাবিব খান আরও বলেন, ‘কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। সকালে সরেজমিনে পৌরসভার ১২টি ওয়ার্ড ঘুরে এই চিত্র দেখতে পেয়েছি, ছবিও তুলেছি। দেয়ালে পোস্টার, বড় বড় ব্যানার দেখেছি নৌকা, নারিকেলগাছ, উটপাখি, টেলিফোনসহ বিভিন্ন প্রতীকের। এগুলো দ্রুত সরিয়ে ফেলুন। কথা না শুনলে প্রার্থিতা বাতিলসহ জেল-জরিমানা হতে পারে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

আরও পড়ুন

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। কম-বেশি সবার মুখে বিলম্বের কারণ যানজট শুনে হতবাক পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘এত যানজট কোথায় পেলেন জানি না। আজ শনিবার ছুটির দিন। সকাল থেকে শহরের রাস্তাঘাট ফাঁকা। আপনাদের আসতে যেন সমস্যা না হয়, সে জন্য সড়কে পুলিশি পাহারা রাখা হয়। অথচ দেরিতে পৌঁছার অজুহাত হিসেবে যানজটকে দায়ী করা হচ্ছে। দোষারোপের সংস্কৃতি থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করা হলে কাউকে রেহাই দেওয়া হবে না।’

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘আমরা রক্তপাতহীন সুষ্ঠু নির্বাচন করে প্রমাণ দিতে চাই, কক্সবাজারের ভোটও গাজীপুরের মতো শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। এ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকা অনেক।’