প্রতিমন্ত্রী শাহে আলমের এলাকার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে চিঠি

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বংশের নামে ‘মীরবাড়ী’র ফলক। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি গ্রামেছবি: প্রথম আলো

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ–সংক্রান্ত নির্দেশনার চিঠি পাওয়ার কথা জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

প্রধানমন্ত্রীর দপ্তরের ওই চিঠিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত ‘মীরবাড়ি’ এবং মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসক প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শুক্রবার টেলিফোনে মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারের সই করা এ-সংক্রান্ত লিখিত নির্দেশনার চিঠি হাতে পেয়েছি। সেখানে মোকামতলা উপজেলার নবগঠিত “সীমান্ত” ও “দিগন্ত” ইউনিয়নের পাশাপাশি শিবগঞ্জ উপজেলার “মীরবাড়ি” ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ‘মীরবাড়ি’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম বাতিল করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় নামকরণ করা হবে। এ জন্য নতুন করে গণশুনানির আয়োজন করা হবে।

আরও পড়ুন

স্বচ্ছতার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গণশুনানির মাধ্যমে নতুন নামের প্রস্তাব গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ইউনিয়নের জন্য পৃথক তিনটি কমিটি গঠন করা হবে। কমিটিগুলো স্বচ্ছতার সঙ্গে গণশুনানি আয়োজন এবং নতুন নামের প্রস্তাব গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এরপর যথাযথ প্রক্রিয়ায় নতুন নাম চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়। এতে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জ উপজেলায় গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ি’। অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় গঠন করা তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। চারটি নতুন ইউনিয়নের মধ্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ি’ এবং তাঁর দুই ছেলে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’-এর নামের সঙ্গে তিন ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন