ষাটগম্বুজ মসজিদের নির্মাণশৈলী দেখে অভিভূত কানাডা-নরওয়ের ২২ পর্যটক
বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেছেন নরওয়ে-কানাডার ২২ পর্যটক। আজ বৃহস্পতিবার সকালে মোংলা থেকে সড়কপথে ষাটগম্বুজ মসজিদে যান পর্যটকেরা। এর আগে বুধবার বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাসে’ তাঁরা মোংলা বন্দরে এসে পৌঁছান।
আজ সকালে ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনের পর পর্যটকেরা বাগেরহাটে মধ্যযুগে নির্মিত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। তাঁরা তৎকালীন খলিফতাবাদ নগরের প্রতিষ্ঠাতা হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজারে যান। দুপুরের দিকে সেখান থেকে আবার সড়কপথে মোংলার উদ্দেশে রওনা হন। এ সময় বিভিন্ন স্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন পর্যটকেরা।
আগামীকাল শুক্রবার করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র, হারবাড়িয়াসহ সুন্দরবনের কয়েকটি এলাকা ঘুরে নারায়ণগঞ্জ ও সোনারগাঁয়ের উদ্দেশে পর্যটকেরা মোংলা ছাড়বেন বলে জানিয়েছেন প্রমোদতরিটির ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান। তিনি বলেন, ১১ এপ্রিল নারায়ণগঞ্জ ও সোনারগাঁ ঘুরে ১২ এপ্রিল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজ দেশে ফিরে যাবেন পর্যটকেরা। যাত্রী ছাড়াই ভারতে যাবে প্রমোদতরিটি।
ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু মিয়া সরদার বলেন, বিদেশি দর্শনার্থীরা ষাটগম্বুজ ও মাজার দেখে খুবই খুশি হয়েছেন। বিশেষ করে ষাটগম্বুজের নির্মাণশৈলী দেখে বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের অনেকে আবার বাংলাদেশে আসার ইচ্ছা পোষণ করেছেন।
১ এপ্রিল ভারতের কলকাতা থেকে নরওয়ের ১৯ জন, একজন ব্রিটিশ ও দুজন কানাডীয় পর্যটক নিয়ে ৪ এপ্রিল খুলনার কয়রার আংটিহারা নৌ চেকপোস্টে ইমিগ্রেশন হয়ে মোংলা বন্দরে প্রবেশ করে প্রমোদতরি গঙ্গা বিলাস। ৪ ফেব্রুয়ারি প্রথম দফায় ২৮ জন ও ২২ মার্চ দ্বিতীয় দফায় ৭ বিদেশি পর্যটক নিয়ে মোংলায় আসে পাঁচ তারকা মানের ভারতীয় ক্রুজটি।