খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ শুরু, মিছিল নিয়ে মঞ্চের নিচে নজরুল
তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠাসহ নানা দাবিতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে খুলনায় শুরু হয়েছে ‘তারুণ্যের সমাবেশ’। আজ সোমবার খুলনা নগরের ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলার নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মানে সমাবেশ মঞ্চে দুটি চেয়ার খালি রাখা হয়েছে।
এদিকে বড় মিছিল নিয়ে বিভাগীয় তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম ওরফে মঞ্জুসহ বিএনপির সাবেক নেতারা। আজ দুপুর ১২টার দিকে নগরের সঙ্গীতা সিনেমা হল মোড় থেকে বড় একটি মিছিল নিয়ে তাঁরা সমাবেশস্থলে যান। এরপর মঞ্চের পাশে দলবল নিয়ে বসে পড়েন নজরুল ইসলাম।
মিছিলে মহানগর বিএনপি, নগরের পাঁচ থানা ও নগর বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ ওয়ার্ড কমিটির সাবেক নেতারা অংশ নেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক নেতা-কর্মীরাও মিছিলে অংশ নেন। প্রায় ৯ মাস পরে দলের কোনো কর্মসূচিতে অংশ নিলেন তাঁরা।
দীর্ঘ ২৮ বছর খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন নজরুল ইসলাম। এর মধ্যে ১৬ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর ছিলেন সভাপতি। খুলনা-২ আসনের সংসদ সদস্যও ছিলেন তিনি।
আজ বিকেল পৌনে চারটার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলামের (শ্রাবণ) সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন (টুকু) ও বিশেষ বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী উপস্থিত আছেন। সঞ্চালনায় আছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (মিল্টন), স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ (জুয়েল)।
সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন। এ ছাড়া খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছিলেন। সমাবেশে যোগদানকারীদের অনেকে বিভিন্ন রঙের গেঞ্জি, ক্যাপ পরে এসেছেন। নেতা-কর্মীদের কেউ কেউ লাঠিতে পতাকা বেঁধে, কেউ খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে যোগ দিয়েছেন সমাবেশে।
এর আগে ‘ঝামেলা এড়াতে’ সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হয়েছিলেন অনেকে। গতকাল রোববার রাতে উপস্থিত নেতা-কর্মীরা সমাবেশস্থলের রাস্তা ও ফুটপাতে প্লাস্টিকের বস্তা-পাটি পেতে ঘুমিয়েছেন। দুপুর থেকে নেতা-কর্মীদের চাঙা করতে জাসাস দেশাত্মবোধক গান, নাটিকা পরিবেশন করে।
এদিকে খুলনার ‘তারুণ্যের সমাবেশের’ আগে পূর্বঘোষণা ছাড়াই খুলনা-সাতক্ষীরা ও খুলনা-পাইকগাছা রুটের সব ধরনের বাসের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকাল থেকে এই দুই রুটে বাস চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
জানতে চাইলে খুলনা জেলা বাস-মিনিবাস–কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কোথাও কোনো বাস বন্ধ করা হয়নি। শ্রমিকেরা যদি বাস না চালান, তাহলে সে দায়িত্ব মালিক সমিতির নয়।
খুলনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করেননি। সাধারণত কোথাও কোনো ঝামেলা মনে করলে মালিকেরা শ্রমিকদের বাস চালাতে নিষেধ করেন। এখানেও সেটিই হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে তারুণ্যের সমাবেশ করছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলে। চট্টগ্রাম বিভাগে সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশ শুরু হয়। খুলনায় পঞ্চম সমাবেশ করছে তারা। ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে ওই কর্মসূচি শেষ হবে।