সারা দেশে এত বৃষ্টি, রাজশাহীর আকাশ কেবল মেঘাচ্ছন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে আজ সকাল ৬টা থেকে বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়। বেলা ১১টায় নগরের সাহেব বাজারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
ছবি. প্রথম আলো

চট্টগ্রাম, বান্দরবান ও খাগড়াছড়িতে ভারী বৃষ্টির পানির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবমতে, চট্টগ্রামে গত ৩৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ঢাকায়ও দিনভর বৃষ্টি হচ্ছে। তবে রাজশাহীতে আকাশ কেবল মেঘাচ্ছন্ন হয়ে থাকছে। কখনো বৃষ্টি ঝরলেও তা গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টি। অথচ কাছের জেলা বগুড়ায়ও বেশ বৃষ্টি হয়েছে।

রাজশাহীতে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মাত্র ৮ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পর বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত আরও ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টির অভাবে ব্যাহত হচ্ছে আমন চাষ। চাষিরা পানি কিনে পাট জাগ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, তাপপ্রবাহে বাধা পেয়ে রাজশাহীতে মৌসুমি বায়ু ঢুকতে পারছে না।

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান প্রথম আলোকে বলেন, রাজশাহীতে এমনিতেই সারা দেশের গড় বৃষ্টিপাতের অর্ধেক বৃষ্টি হয়। এবার হয়তো তা-ও হবে না। তিনি বলেন, এল নিনোর প্রভাবেই এটা হচ্ছে। এই প্রভাবের কারণে তাপপ্রবাহে বাধা পেয়ে মৌসুমি বায়ু রাজশাহীতে ঢুকতে পারছে না। পক্ষান্তরে চট্টগ্রামে প্রচুর পরিমাণে মৌসুমি বায়ু ঢুকছে এবং বৃষ্টিপাতও হচ্ছে।

সারা দেশের গড় বৃষ্টিপাত প্রায় ২ হাজার ৫০০ মিলিমিটার। বেশির ভাগ বৃষ্টি আষাঢ়-শ্রাবণ মাসেই হয়ে থাকে। রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে এবার শ্রাবণে মাত্র ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আষাঢ়ে হয়েছে ৮৩ মিলিমিটার। ২০২২ সালে সারা বছরে ৮২ দিনে রাজশাহীতে মাত্র ১ হাজার ১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২০২১ সালে। এই বছর রাজশাহীতে ১১২ দিনের বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ হাজার ৫৯৮ দশমিক ৩ মিলিমিটার।

আরও পড়ুন

শাহ কৃষিতথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা রাজশাহী কলেজিয়েট স্কুলের সাবেক শিক্ষক জাহাঙ্গীর শাহ আট বছর থেকে আবহাওয়ার প্রতিদিনের বিবরণ লিখে রাখেন। তাঁর হিসাবে, এবার আষাঢ়ে ১৫ দিন ও শ্রাবণে এখন পর্যন্ত ১০ দিন বৃষ্টি হয়েছে। গত বছর আষাঢ়ে বৃষ্টি হয়েছিল ৬ দিন, আর শ্রাবণে হয়েছিল ১৫ দিন। জাহাঙ্গীর শাহ বলেন, গত দুই বছরে আষাঢ়-শ্রাবণে বৃষ্টির দিনের হিসাব এটি হলেও বৃষ্টির পরিমাণ এতই নগণ্য ছিল, যা অতীতের আষাঢ়-শ্রাবণের সঙ্গে কিছুতেই মেলানো যায় না।

আরও পড়ুন

এদিকে রাজশাহীর পাশে বগুড়া জেলায় আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ দুপুর ১২ পর্যন্ত আরও ৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুরে অতটা না হলেও আজ সকাল ৬টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর চাষি মনিরুজ্জামান বলেন, সারা দেশেই প্রচুর বৃষ্টি হচ্ছে। অথচ রাজশাহীতে এ সময় যে বৃষ্টি হলো, দুই দিন রোদ হলেই আবার আমন ধানের জমিতে সেচ দিতে হবে।