সংসদ সদস্য আয়েনের বিচারের দাবিতে সড়কে আ.লীগ নেতার অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুক্রবার রাজশাহী প্রেসক্লাবের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সরকার
ছবি: প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মোহনপুর উপজেলার সাধারণ সম্পাদক সুরঞ্জিত সরকার।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় তিনি রাজশাহী প্রেসক্লাবের সামনে অন্যান্য দিনের মতো গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বসে পড়েন। এর আগে গতকাল বৃহস্পতিবার তিনি নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বসে ছিলেন। সকালে রাস্তার উত্তর পাশে এবং দুপুরে রাস্তার দক্ষিণ পাশে অবস্থান নিয়েছিলেন।

সুরঞ্জিত সরকার প্রথম আলোকে বলেন, ‘গতকাল সিটিএসবির লোকেরা এসে আমাকে বলেন, পুলিশ কমিশনার তাঁর সঙ্গে কথা বলতে চান। এ জন্য তাঁরা আমাকে নিতে এসেছেন। কিন্তু আমি আমার জায়গা থেকে সরিনি। পরে তাঁরা চলে যান। আর কেউ কোনো ঝামেলা করেননি।’ তিনি বলেন, জিরো পয়েন্টের পাশে মাইক বাজছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। তাই তিনি আজ প্রেসক্লাবের সামনে এসে বসেছেন। সকাল থেকে বেলা একটা পর্যন্ত তাঁকে কেউ কোনো বাধা দেননি। পথচারীরা জানতে চাচ্ছেন। তিনি তাঁদের কাছে সংসদ সদস্য আয়েনের নির্যাতনের তথ্য তুলে ধরছেন।

গত বুধবার দুপুর ১২টায় তিনি নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এবং পরে রাজশাহী প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে ছিলেন। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে রাস্তার উত্তর পাশে অবস্থান নেন। একইভাবে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রেখেছেন।

সংসদ সদস্যের বিচারের দাবিতে গতকাল রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে বসে অবস্থান কর্মসূচি পালন করেন সুরঞ্জিত সরকার
ছবি: প্রথম আলো

সুরঞ্জিতের বুকে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা আছে, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির নির্যাতনের শিকার। ১. ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো। ২. এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধেক পঙ্গু বানানো এবং ৩. ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে হিন্দু জাতি ধর্ম তুলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।’

সুরঞ্জিত সরকার প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিন ও তাঁর ভগ্নিপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম প্রকাশ্যে নৌকার বিপক্ষে অবস্থান নেওয়ায় তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েও পরাজিত হন। পরবর্তী নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে সংসদ সদস্য তাঁকে ধর্ম তুলে গালিগালাজ করেন।

আরও পড়ুন

সুরঞ্জিত সরকার অভিযোগ করে বলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিন একজন হিন্দুবিদ্বেষী মানুষ। তাঁর বাবা রাজাকার ছিলেন। তথ্যপ্রমাণসহ সংবাদ সম্মেলন করে তিনি তা বলেছেন। সংসদ সদস্য ক্যাডার বাহিনী দিয়ে তাঁর ওপর হামলা করেন। সেই হামলায় তিনি প্রায় মারা যাচ্ছিলেন। ভারতে চিকিৎসার পর কোনোমতে বেঁচে ফিরেছেন। এখনো বছরে কয়েকবার চিকিৎসা করতে তাঁকে ভারতে যেতে হয়।

সুরঞ্জিত সরকার আরও বলেন, ‘চিকিৎসার ব্যয় বহন করতে করতে আমি একেবারে শেষ হয়ে গেছি। আমি প্রধানমন্ত্রীর কাছে আয়েন উদ্দিন ও তাঁর দুলাভাইয়ের (ভগ্নিপতি) বিচার চাই। তাই রাস্তায় দাঁড়িয়েছি।’

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন মুঠোফোনে বুধবার প্রথম আলোকে বলেছিলেন, ‘সুরঞ্জিতের মাথা ঠিক নেই। ওকে তো হিন্দুরাই মেরেছে। ও তখন বলেছিল, “এমপি না থাকলে আমাকে মেরেই ফেলত।”এখন এসব করে বেড়াচ্ছে।’

আয়েন উদ্দিন আরও বলেন, মোহনপুর উপজেলার সনাতন সম্প্রদায়ের মানুষ সুরঞ্জিতকে ভোট দেননি। এ জন্য তিনি জিততে পারেননি। তিনি (আয়েন) দ্রুত সনাতন সম্প্রদায়ের মানুষকে নিয়ে মোহনপুরে একটি সমাবেশ করবেন। তখন জনগণ বুঝতে পারবে, তিনি হিন্দুবিদ্বেষী, না তাঁদের পক্ষের লোক।