মাঠের চারপাশে দর্শকদের হইচই। কেউ স্লোগান দিচ্ছে ব্রাজিল, কেউবা আর্জেন্টিনা। পুরো মাঠ দুই দলের সমর্থকে মুখর। গোলপোস্টের কাছাকাছি বল যেতেই দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা। ১-১ গোলের সমতায় ৯০ মিনিটের খেলা গড়ায় টাইব্রেকারে। অবশেষে টাইব্রেকারে ৫-৪ গোলে আর্জেন্টিনা সমর্থক দলকে হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল সমর্থক দল।
আজ শুক্রবার বিকেল চারটায় দিনাজপুরের বিরামপুর পৌর শহরের আনসার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শহরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ভিক্টর ক্লাবের আয়োজনে চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, প্রীতি ফুটবল ম্যাচে দুই দলের সমর্থকেরা উৎসবমুখর পরিবেশে ও আনন্দের সঙ্গে খেলেছেন। মাঠের দর্শকেরাও খেলাটি বেশ উপভোগ করেছেন। খেলায় আর্জেন্টিনা সমর্থক দল পরাজিত হলেও দুই দলের খেলোয়াড়েরা অনেক আনন্দ করেছেন। আজ রাতে কাতারে বিশ্বকাপ ফুটবল খেলার আনন্দ ভাগাভাগি করতে আনসার মাঠে দুই দলের সমর্থকদের মধ্যে চলছে পিকনিকের আয়োজন। কাতারের খেলায় ফলাফল যা–ই হোক, আজ তাঁরা আনন্দ করবেন। একসঙ্গে গরম খিচুড়ি খাবেন।
ভিক্টর ক্লাবের সভাপতি বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী বলেন, কাতারে বিশ্বকাপ হচ্ছে আর বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের চলছে আনন্দ উল্লাস। তাঁদের এ আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে ভিক্টর ক্লাব এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। তাঁরা সবাই খেলাটি বেশ উপভোগ করেছেন।
খেলা দেখার জন্য অন্যদের মধ্যে বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ ও ভিক্টর ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।