অরণ্যে পাওয়া শিশু অরণ্য পা দিল ছয় বছরে
আজ ১৭ ডিসেম্বর অরণ্য ছয় বছরে পা দিয়েছে। পাঁচ বছর আগের এই দিনটিতে তাকে অরণ্যে (জঙ্গলে) কুড়িয়ে পেয়েছিলেন এক দম্পতি, তাই নাম ‘অরণ্য’। শিশুটির আসল মা–বাবার খোঁজ পাওয়া যায়নি। সেই থেকে তাকে মা–বাবার আদরে লালনপালন করছেন ওই দম্পতি। তাঁরাই মূলত এখন অরণ্যর মা-বাবা। তাঁদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে।
শিশুটির নাম অরণ্য দিয়েছিলেন আনোয়ার হোসেন নামের এক পুলিশ কর্মকর্তা, যিনি আজও শিশুটির সব সময় খোঁজখবর রাখেন। তাকে লালনপালনের খরচ জোগান। আজ অরণ্যর ষষ্ঠ জন্মদিনেও তাই উপস্থিতি হয়েছিলেন আনোয়ার হোসেন। তাঁর এই মহানুভবতায় খুশি এলাকার মানুষ।
অরণ্যর বাবা বলরামপুর গ্রামের বসির আহম্মেদ মণ্ডল জানান, ২০১৫ সালের ১৭ ডিসেম্বর সকালে তাঁদের বাড়ির পাশে জঙ্গলের মধ্যে একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। তাঁর স্ত্রী আমেনা খাতুন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দিলে থানা থেকে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমান ঝিনাইদহ ডিবির ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে আসেন এবং শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেন। এরপর শিশুটির ওষুধ, দুধ ও পোশাক-পরিচ্ছদ কিনে দেওয়াসহ নাম রাখার কাজটিও করেন তিনি। জঙ্গলে পাওয়ায় তার নাম দেওয়া হয় ‘অরণ্য’। পুরো নাম রাখা হয় ‘আবুজার গিফারী অরণ্য’। ঘটনাটি নিয়ে সেই সময়ে প্রথম আলোতে ‘অরণ্যের শিশুটির আশ্রয় মিলল, নাম পেল অরণ্য’ এবং ‘অরণ্যের জন্য শত মানুষের ভালোবাসা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়।
যখন তাকে পেয়েছিলাম, তখন ওসি হিসেবে দায়িত্ব পালন করেছি। আর এখন ভালোবাসা থেকেই তার খোঁজখবর নিই। দোয়া করি, অরণ্য একদিন অনেক বড় হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখবে।
পরে ওসি আনোয়ার হোসেনের কাছ থেকে শিশুটিকে দত্তক নেন গোপালপুর গ্রামের বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পতি। সেই পালক মা-বাবার কাছেই আদর-যত্নে বড় হচ্ছে অরণ্য।
আজ বৃহস্পতিবার অরণ্যর ষষ্ঠ জন্মদিন উদ্যাপিত হয়েছে। বসির আহম্মেদ ও আমেনা খাতুন দম্পতির বাড়িতে অনুষ্ঠিত জন্মদিনের এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া, ব্যবসায়ী আবদুল হাই মিন্টুসহ স্থানীয় নানা শ্রেণি–পেশার মানুষ।
অরণ্যর মা আমেনা খাতুন বলেন, পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের মহানুভবতার প্রশংসার শেষ নেই। ঈদ, পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস—এমন কোনো দিবস নেই তিনি অরণ্যর জন্য উপহার পাঠান না। তিনি আরও বলেন, অরণ্য তাঁদের পরিবারে আসার পর থেকেই তাঁদের সংসারে সুখ-শান্তি ফিরেছে।
ওসি আনোয়ার হোসেন বলেন, ‘যখন তাকে পেয়েছিলাম, তখন ওসি হিসেবে দায়িত্ব পালন করেছি। আর এখন ভালোবাসা থেকেই তার খোঁজখবর নিই। আমি যখনই সুযোগ পাই, পরিবারের সদস্যদের নিয়ে চলে আসি শিশুটিকে দেখতে। বিভিন্ন দিবসে আমি না আসতে পারলেও তার জন্য উপহার পাঠাই। দোয়া করি, অরণ্য একদিন অনেক বড় হয়ে দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখবে।’