চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে চট্টগ্রাম কলেজ। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বোর্ডে এবার ১৬টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে ১০টি চট্টগ্রাম নগরের। বাকি ছয়টি নগরের বাইরের। তবে এর মধ্যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানেই শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ জনের কম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, শিক্ষক ও শিক্ষার্থী-অভিভাবকের সবার সম্মিলিত চেষ্টায় ভালো ফল সম্ভব হয়েছে। করোনার মধ্যেও শিক্ষার্থীরা পড়াশোনায় যে ফাঁকি দেননি, তার প্রমাণ এবারের ফল।
শতভাগ পাস ১৬ কলেজে
শতভাগ পাসের হারে প্রথমে থাকা চট্টগ্রাম কলেজের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৪০ জন। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ২৩৪ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। চট্টগ্রামের অন্য কলেজগুলোর মধ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২২৫ জন, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ২১৫ জন, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৬৯ জন ও সেন্ট প্লাসিডস স্কুল অ্যান্ড কলেজের ১১০ পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ১০৮ জন, বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো কলেজের ৭৮ জন, সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ জন, চট্টগ্রাম নগরের সেন্ট স্কলাস্টিকা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ৪৩ জন, আনোয়ারা উপজেলার কাফকো স্কুল অ্যান্ড কলেজের ৩৪ জন ও পাঁচলাইশের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ১১ শিক্ষার্থীর সবাই পাস করেছে।
তবে শতভাগ পাস করা চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সংখ্যা ছিল ১০ জনের কম। এর মধ্যে কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ছিল সাতজন, চট্টগ্রাম নগরের মেরন সান কলেজে ছয়জন, বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল স্কুল অ্যান্ড কলেজে দুজন এবং নগরের চট্টগ্রাম ল্যাবরেটরি কলেজে একজন পরীক্ষার্থী ছিল।
চট্টগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম কলেজ প্রতিবারই ভালো ফল করে। এবারও সে ধারাবাহিকতা বজায় রেখেছে। এবার মূলত তিনটি কারণে এমন ভালো ফল সম্ভব হয়েছে। বোর্ডের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা এ কলেজে ভর্তি হয়। এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে শিক্ষার্থীরা বিভাগভিত্তিক বিষয়গুলোয় ভালোভাবে মনোযোগ দিয়েছে। আর করোনা মহামারির কারণে অনলাইনে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসবের প্রভাব পড়েছে ফলাফলে।
জিপিএ ৫-এ শীর্ষ কলেজ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ২০০ জনের বেশি জিপিএ-৫ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান ১৮টি। এর মধ্যে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ১ হাজার ৭১৪ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২৮৫ জন জিপিএ-৫ পেয়েছে। চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ২ হাজার ৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪১ জন। চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯২৮ জন।
হাজেরা-তজু ডিগ্রি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮১১ পরীক্ষার্থী। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ১ হাজার ৩৩৫ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮০৭ জন। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ১ হাজার ৪৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭১৬জন।
এ ছাড়া সরকারি কমার্স কলেজের ৫৮৮ জন, কক্সবাজার সরকারি কলেজের ৪৯৯ জন, পটিয়া সরকারি কলেজের ৪৭২ জন, বাকলিয়া সরকারি কলেজের ৪১৬ জন ও চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ৩৫৯ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৩৯। পরীক্ষায় অংশ নেওয়া ৯৯ হাজার ৬২৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ জন।