চেয়ারম্যানের ছেলে খুন: গ্রেপ্তার কিশোরের জবানবন্দি

নিহত মহিউদ্দিন প্রবাল
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মহিউদ্দিন প্রবাল খুনের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ১৬ বছর বয়সী এক কিশোর আদালতে জবানবন্দি দিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ওই কিশোরের জবানবন্দি রেকর্ড করেন কিশোরগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিন্নাত আরা আক্তার। আজ সোমবার সকালে জবানবন্দি নেওয়ার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছে ভৈরব থানা-পুলিশ।

হত্যা মামলাটির তদন্ত করছেন ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম। তিনি বলেন, জবানবন্দিতে গ্রেপ্তার কিশোর বলেছে যে মামলাটির প্রধান অভিযুক্ত অন্তর মিয়া তার পূর্বপরিচিত ও পাড়ার বড় ভাই। ওই কিশোর ভৈরব বাসস্ট্যান্ড এলাকার একটি ওয়ার্কশপে কাজ করেন। কর্মস্থলে যাওয়ার পথে অন্তর ও তাঁর ভাই অনিককে দাঁড়িয়ে থাকতে দেখে ওই কিশোর। তাকে তখন অন্তর ডাক দেন। কাছে গিয়ে ওই কিশোর দেখতে পায়, সর্দার হোটেলের পেছনের একটি ভবনের সিঁড়ির নিচে লাশ পড়ে আছে। তখন ওই কিশোরকে সাহায্য করতে বলেন অন্তর। তখন সে অন্তরকে সাহায্য করে।

প্রবাল হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত শনিবার রাতে ওই কিশোরকে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ নিয়ে প্রবাল হত্যায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আগে গ্রেপ্তার হওয়া রাজন ও তৌফিক এজাহারভুক্ত আসামি হলেও ওই কিশোরের নাম ছিল না। পরে ওই কিশোরের নাম এজাহারভুক্ত করা হয়েছে। এজাহারে তার বয়স উল্লেখ করা হয়েছে ১৯ বছর। তবে জন্মনিবন্ধন সনদে তার জন্মসাল ২০০৫ উল্লেখ আছে। সেই হিসেবে তার বয়স ১৬ বছর।

আরও পড়ুন

তদন্ত কর্মকর্তা তারিকুল আলম বলেন, কিশোরের জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিষয়ে অনেক কিছু স্পষ্ট হয়েছে। পুলিশের ধারণা, তৌফিক ও রাজন অনেক সত্য গোপন করছেন। এ জন্য ওই দুজনকে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে পাওয়া গেলে তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তথ্য পাওয়া যাবে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, অন্তরকে ধরতে বেশি সময় অপেক্ষা করতে হবে না। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে ধরা পড়বে অন্তর।

নিহত প্রবাল নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন ভূঁইয়ার ছেলে। ভৈরবে হোসেন ভূঁইয়ার মালিকানাধীন মাতৃকা জেনারেল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতাল আছে। তিনি পরিবার নিয়ে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় থাকেন। ১ জুন ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় জিল্লুর রহমানের মালিকানাধীন শাকিল মটরস নামের একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জিল্লুর রহমান ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত প্রবালের বাবা হোসেন ভূঁইয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। সে সময় মামলায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। ছয়জনের মধ্যে অন্তর, অন্তরের বাবা, অন্তরের দুই ভাই নয়ন মিয়া ও অনিক মিয়া আছেন। অন্য দুজন হলেন অন্তরের সহযোগী মো. রাজন ও তৌফিক মিয়া। এলাকাবাসীর ভাষ্য, অন্তর ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছেন।

আরও পড়ুন