টেকনাফে পাঁচ কোটি টাকার মাদক ফেলে পালাল চোরাকারবারিরা
মিয়ানমার থেকে নাফ নদী দিয়ে কক্সবাজারের টেকনাফে মাদকের চালান পাচার করছিল দুই চোরাকারবারি। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বিজিবির সদস্যরা গুলি চালালে তারা পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা বড়ির একটি চালান ফেলে পালিয়ে যায়।
শনিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর খুরের দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আজ প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেন।
লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শনিবার ভোর চারটার দিকে উপজেলার হ্নীলার খুরের দ্বীপ এলাকা দিয়ে মিয়ানমার থেকে আইস ও ইয়াবা পাচারের গোপন তথ্য পান বিজিবির সদস্যরা। এরপর তাঁরা ওই এলাকায় গিয়ে দুই চোরাকারবারিকে একটি নৌকায় করে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন।
এ সময় বিজিবির সদস্যরা তাদের নৌকা থামানোর জন্য সংকেত দিলে তারা অমান্য করে পালানোর চেষ্টা করে। এরপর তাঁরা তাদের গুলি করতে বাধ্য হন। চোরাকারবারিরা নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমানা অতিক্রম করে পালিয়ে যায়। পরে নৌকাটি জব্দ করে তল্লাশি করলে ১ কেজি ১৪ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করতে সক্ষম হন।
এ বিষয়ে শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে নৌকাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা বর্তমানে ব্যাটালিয়ন সদরের ভান্ডারকক্ষে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে।