তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বিএনপি নেতা তানভীর আহম্মেদের ছেলে গ্রেপ্তার
তথ্যপ্রযুক্তি আইনে হওয়া মামলায় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহম্মেদ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছেন। কালিয়াকৈর থানা-পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ইরাদ আহম্মেদের বাড়ি কালিয়াকৈর উপজেলার বলিয়াদি এলাকায়। তিনি চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর কনিষ্ঠ ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে কটূক্তি করায় ২০১৬ সালে ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একাধিক মামলা হয়। ঝিনাইদহ সদর থানায় করা মামলায় তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে তাঁকে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, গ্রেপ্তার ইরাদ আহম্মেদকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।