নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভাঙারি দোকানে বিস্ফোরিত মর্টার শেলটি সাত মাস আগে দুই যুবক ভাঙারি দোকানে বিক্রি করেন। তবে এই দুই যুবকের পরিচয় কী? তাঁরা কোথায় থেকে শেলটি সংগ্রহ করেন, তা এখনো জানতে পারেনি পুলিশ। তাঁদের খুঁজছে পুলিশ।
ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে পুলিশ।
নেত্রকোনার দুর্গাপুর শহরে ভাঙারি দোকানে গত রোববার রাতে বিকট শব্দে মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও একজন আহত হন।
আজ শনিবার সন্ধ্যায় পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী প্রথম আলোকে এসব তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন দুর্গাপুর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়া (৪৮) ও ব্রাহ্মণপাড়া এলাকার হাবিব ব্যাপারী (৪৫)। শহরের শিবগঞ্জ বাজার এলাকায় তাঁদের ভাঙারির দোকান আছে।
কাঞ্চন ও হাবিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আগামীকাল রোববার রিমান্ডের শুনানি হতে পারে।
এসপি আকবর আলী বলেন, কাঞ্চন ও হাবিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। আগামীকাল রোববার রিমান্ডের শুনানি হতে পারে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ বাজার এলাকায় কাঞ্চনের ভাঙারি দোকানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কাঞ্চনের ভায়রা চালিতাপাড়া গ্রামের বাসিন্দা অটোরিকশার মেকানিক সবুজ মিয়া (৩৬) ঘটনাস্থলে মারা যান এবং কাঞ্চনের ছেলে নাহিদ মিয়া (২৫) আহত হন। নাহিদকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বিস্ফোরণের পর এসপি আকবর আলী, এএসপি মাহমুদা শারমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এএসপি মাহমুদা প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মঙ্গলবার কাঞ্চনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কাঞ্চন জিজ্ঞাসাবাদে জানান, তিনি গত ২৪ আগস্ট হাবিবের কাছ থেকে ২০ টাকা কেজি দরে শেলটিসহ পাঁচ মণ ভাঙারি কেনেন। এ তথ্যের ওপর ভিত্তি করে হাবিবকে বুধবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পরদিন কারাগারে পাঠানো হয়।
এসপি আকবর আলী বলেন, হাবিব জানিয়েছেন, তিনি সাত মাস আগে দুই যুবকের কাছ থেকে ২৪০ টাকা দিয়ে শেলটি কেনেন। ওই যুবকেরা রাতে সাইকেলে করে তাঁর দোকানে এসে শেলটি বিক্রি করেন। সে সময় যুবকেরা জানান, তাঁরা সোমেশ্বরী নদীর বালুর মধ্যে বস্তুটি পান। হাবিব যুবকদের পরিচয় জানেন না। আরও তথ্যের জন্য হাবিব ও কাঞ্চনকে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।
এর আগে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেছিলেন, তদন্তে দেখা গেছে, শেলটির দৈর্ঘ্য ২৭ ইঞ্চি। এটি ১২০ এমএম মর্টার শেল নামে পরিচিত। এটি অনেক পুরোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সৈনিকেরা যে রকম মর্টার শেল ব্যবহার করতেন, বিস্ফোরিত শেলটির সঙ্গে তার ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে গেছে।