নওগাঁয় চতুর্থ দিনে ঢিলেঢালা লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ পৌর শহরে রাস্তাঘাট ও বাজারে মানুষের চলাচল বেড়েছে। আজ রোববার দুপুরে শহরের লিটন ব্রিজ এলাকায়
ছবি: প্রথম আলো

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক লকডাউন ও জেলার আরও তিনটি উপজেলায় বিধিনিষেধ আরোপের আজ রোববার চতুর্থ দিন চলছে। তবে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে । মাঠপর্যায়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের তেমন তৎপরতা লক্ষ করা যায়নি।

আরও পড়ুন

আজ সকাল থেকে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তাঘাটে মানুষের চলাচল বেশ বেড়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে তেমন আগ্রহ লক্ষ করা যায়নি। লকডাউন কার্যকরের আগের তিন দিন পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের যেমন তৎপর দেখা গেছে, আজ তেমন তৎপরতা লক্ষ করা যায়নি। কার্যত ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। পুলিশের তল্লাশিচৌকির সামনে দিয়ে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা চলাচল করছে। তবে চালক ও যাত্রীদের খুব একটা জেরার মুখে পড়তে দেখা যায়নি।

আরও পড়ুন

শহরের গোস্তহাটির মোড়ে আড্ডা দিচ্ছিলেন ২০ থেকে ৩০ বছর বয়সী কয়েকজন। তাঁদের কারও মুখেই মাস্ক নেই। একজন আরেকজনের সঙ্গে গা-ঘেঁষাঘেঁষি করে গল্প করছিলেন তাঁরা। ছবি তুলতে দেখে তাঁদের কয়েকজন মুখে মাস্ক পরেন।

ঢিলেঢালা লকডাউনের বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী বলেন, লকডাউন কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা চলছে। প্রথম দিন থেকেই পুলিশ লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে। কিন্তু পৌর এলাকার বাইরে লকডাউনের বিধিনিষেধ আরোপ না থাকায় মানুষ বিভিন্ন জায়গা থেকে যানবাহনে এসে বিভিন্ন অজুহাত দেখিয়ে শহরে ঢুকছেন। কেউ কেউ চিকিৎসার কথা বলছেন। মানবিক কারণে কর্তব্যরত পুলিশ সদস্যরা কিছু ক্ষেত্রে ছাড় দিচ্ছেন। লকডাউন বিধি ভাঙায় বিভিন্ন যানবাহনের মালিক ও চালককে এ পর্যন্ত শহর এলাকায় দুই শতাধিক মামলা দেওয়া হয়েছে।

গত বুধবার সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ নওগাঁ পৌরসভা এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করেন। এ ছাড়া সাপাহার, পোরশা ও মান্দা উপজেলায় বাজারঘাট ও জনসমাগম ঘটে এমন এলাকায় বিধিনিষেধ আরোপ করেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলায় ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ১৭ শতাংশ।

আরও পড়ুন
আরও পড়ুন