নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আল জোবায়েরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে নারায়ণণগঞ্জ আদালতপাড়া এলাকায়
ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের ডাইলপট্টি এলাকায় মা ও সাত মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হওয়া মামলার তদন্তভার পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম মামলাটি ডিবিতে হস্তান্তরের নির্দেশ দেন।

এদিকে রিমান্ডে নিয়ে আসামি আল জোবায়েরকে জিজ্ঞাসাবাদ চলছে। জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। রিমান্ডে জোবায়ের অনেক তথ্য দিচ্ছেন। সেগুলো যাচাই-বাছাই করে মিলিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু প্রথম আলোকে বলেন, হত্যার মূল্য রহস্য কী? হত্যার সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা আছে কি না। এ ঘটনায় আর্থিক লেনদেন বা ব্যবসায়িক কোনো বিরোধ আছে কি না—এসব নানা বিষয়কে সামনে রেখে তদন্তকাজ চালানো হচ্ছে। তাঁকে অন্য বিশেষজ্ঞ সংস্থাও জিজ্ঞাসাবাদ করছে।

নাম প্রকাশ না করার শর্তে তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আল জোবায়েরের জঙ্গি-সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা মেলেনি। তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদে জোবায়ের জানিয়েছেন, ওই দিন ফুটপাত থেকে তিনটি ছোরা কেনেন। ওই ছোরা নিয়ে তিনি ঘুরতে ঘুরতে ডাইলপট্টি এলাকায় চলে যান। সেখানে তিনি সুন্দর ও বহুতল ভবন দেখে মনে করেন, এখানে ব্যবসায়ীরা থাকেন। এখানে হানা দিলে টাকাপয়সা ও সোনা পাওয়া যাবে, সে থেকেই ওই বাড়িতে হানা দেয়। সে সব কটি ফ্ল্যাটে কলবেল চাপে, কিন্তু কেউ খোলেনি। ছয়তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে কলবেল চাপলে পাশের সন্ধ্যা নন্দী ফ্ল্যাটের দুরবিন হাত দিয়ে বন্ধ রাখায় তাঁরা কেউ খোলেননি। পাশের ফ্ল্যাটে কলবেল চাপলে রুমা চক্রবর্তী দরজা খুললে তাঁর গলা চেপে ধরলে এ সময় তাঁর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তাঁকেসহ তাঁর মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করার কথা স্বীকার করেছেন জোবায়ের।

মামলা ডিবিতে হস্তান্তরের তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম প্রথম আলোকে বলেন, হতাশা ও ঋণগ্রস্ত হওয়ায় তিনি সোনা ও অর্থের জন্যই ওই ঘটনা ঘটিয়েছেন। মানসিকভাবে হতাশাগ্রস্ত হওয়ায় এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি। তাঁকে রিমান্ডে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর ল্যাপটপ, ফেসবুক আইডিসহ ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলো খতিয়ে দেখা হচ্ছে।

গত মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকায় মাতৃভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে রুমা চক্রবর্তী (৪৬) ও তাঁর মেয়ে ঋতু চক্রবর্তীর (২২) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আল জোবায়ের (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বাড়ি থেকে টাকা ও সোনাদানা লুট করতে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা করেছেন আসামি। গতকাল বুধবার জোবায়েরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন