নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে (৩৭) বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ভাইরালের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার আরও তিন আসামির পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাশফিকুল হক মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।
তাঁদের মধ্যে নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের দুই মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মাঈন উদ্দিন ওরফে সাজুর তিন দিন করে ছয় দিন, শুধু নির্যাতনের মামলায় আনোয়ার হোসেন ওরফে সোহাগ ও নুর হোসেন ওরফে রাসেলের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মাঈন উদ্দিন ছাড়া বাকি দুজন আসামি এজাহারে উল্লেখিত অজ্ঞাতনামা আসামি হিসেবে পরে তদন্তে অন্তর্ভুক্ত হয়েছেন।
তিন আসামির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ। আজ বিকেল সাড়ে চারটায় তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে আদালতে তিন আসামি মাঈন উদ্দিন সাজু, আনোয়ার হোসেন ওরফে সোহাগ ও নুর হোসেন ওরফে রাসেলকে হাজির করা হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের আদালতে হাজিরের পর প্রতিটি মামলায় প্রত্যেক আসামিকে সাত দিন রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আবেদনের শুনানি শেষে মাঈন উদ্দিন ওরফে সাজুর তিন দিন করে ছয় দিন, আর আনোয়ার হোসেন ওরফে সোহাগ ও নুর হোসেন ওরফে রাসেলের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
বেগমগঞ্জ থানা সূত্রে জানা গেছে, নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের এই ঘটনায় এ পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এ ঘটনায় নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় গত রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে পৃথক দুটি মামলা করেন। একটি মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে, অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। দুই মামলাতেই ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
এর আগে গত সোমবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবদুর রহিম ও রহমত উল্লাহ নামের দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার মামলার প্রধান আসামি নূর হোসেন ওরফে বাদলকে (২২) দুটি মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন নোয়াখালীর ৩ নম্বর আমলি আদালত। এর মধ্যে নির্যাতনের মামলায় দুই দিন আর পর্নোগ্রাফি মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিন আরেক আসামি একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেন ওরফে সোহাগের (৪৮) দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। মোয়াজ্জেম শুধু নির্যাতন মামলার আসামি। প্রথম এজাহারে না থাকলেও পরে নির্যাতনের শিকার নারীর ২২ ধারার জবানবন্দিতে এই ইউপি সদস্যের নাম আসে।