পলাশে দলবদ্ধ ধর্ষণের মামলায় এখনো গ্রেপ্তার হয়নি আরেক আসামি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীকে মারধর করে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিন অভিযুক্তের একজন হলেন ‘ওপেনার’। ধর্ষণের ঘটনার পর আজ শুক্রবার ১৩ দিন পেরিয়ে গেলেও ওপেনার রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
তবে পুলিশ বলছে, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে নাম প্রকাশ হওয়ায় ওপেনার সতর্ক হয়ে গেছেন। তবে ওপেনারকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে। শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে আশা করছে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, পলাতক ওই ব্যক্তির মূল নাম ‘ওপেনার’ নয়। স্থানীয়রা তাঁকে এ নামে ডাকে।
মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই নারী ও তাঁর স্বামী দুজনই কর্মজীবী। ৫ ফেব্রুয়ারি বিকেলে স্বামী–স্ত্রী ঘোড়াশাল ফ্ল্যাগ রেলওয়ে স্টেশনে ঘুরতে যান। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই স্টেশনের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে তাঁরা ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন। তখন রাজীব, রিফাতসহ তিনজন তাঁদের কাছে এসে জানতে চান, তাঁরা স্বামী-স্ত্রী কি না। পরে যাচাইয়ের নামে তাঁদের দুজনকে নির্জন স্থানে যেতে বলেন। তাঁরা যেতে না চাইলে ওই নারীর স্বামীকে মারধর করা হয়। পরে স্টেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে টান ঘোড়াশাল রেলস্টেশনের কাছাকাছি একটি নির্জন স্থানে তাঁদের নিয়ে যাওয়া হয়। পরে দুই রেললাইনের মাঝের খালি জায়গায় ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন ওই তিনজন।
এ মামলায় এখন পর্যন্ত দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন ঘোড়াশাল পৌর এলাকার মো. রাজিব (৩০) ও চামড়াবো বাজার এলাকার মো. রিফাত হোসেন (২০)। মামলার আরেক আসামি ওপেনার পলাতক। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের রাজিব ও রিফাতকে গ্রেপ্তার করলেও ওপেনার চোখের আড়াল হয়ে পড়েন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, পলাতক ওই ব্যক্তির মূল নাম ‘ওপেনার’ নয়। স্থানীয়রা তাঁকে এ নামে ডাকে। ওপেনার হলেন গ্রেপ্তার রাজিব ও রিফাতের ঘনিষ্ঠজন। ঘোড়াশাল রেলওয়ে স্টেশন এলাকায় তাঁরা চলাফেরা করেন। বিভিন্ন পরিবহনে চাঁদা তোলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে এই তিনজন জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
তবে এখনো ওপেনারের প্রকৃত নাম জানাতে পারেনি পুলিশ। এ মামলার তদন্ত করছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী। তদন্তের অগ্রগতি সম্পর্কের জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।
ওপেনারকে ধরতে না পারার বিষয়ে জানতে চাইলে ওসি ফেরদৌস আহমেদ বলেন, ঘটনার পরপর সংবাদপত্রে ওপেনারের নামটি প্রকাশ পেয়ে যায়। সে কারণে হয়তো ওপেনার সতর্ক হয়ে গেছেন। তবে ওপেনারকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে। বেশি দিন নিজেকে আড়াল করে রাখার সুযোগ নেই। ওপেনার ধরা পড়লে চক্রটি সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে এবং ঘটনার সঙ্গে অন্য কোনো যোগসূত্র আছে কি না, সেটাও জানা যাবে বলে মনে করেন তিনি।
দলবদ্ধ ধর্ষণের ঘটনার পরদিন ভৈরব রেলওয়ে থানায় মামলা হয়। মামলার বাদী ওই নারীর স্বামী। ঘটনার পর এত দিনও ওপেনার গ্রেপ্তার না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন মামলার বাদী।
মামলার বাদী প্রথম আলোকে বলেন, ওপেনার একজন অপরাধী—এটাই তাঁর পরিচয়। ওপেনার তো সমাজের বিশেষ কেউ নয়। ১৩ দিন পরও তাঁকে ধরতে না পারা সত্যিই হতাশার।