সাংসদ পক্ষের বিরুদ্ধে যুবলীগ নেতাকে মেরে রক্তাক্ত করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা। এ ছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও এতে অংশ নেন। সোমবার দুপুরে
প্রথম আলো

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের জেরে উপজেলার চরফরাদি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবদুল্লাহকে মেরে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহ অভিযোগ করেন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে। এর মধ্য দিয়ে কমিটি নিয়ে বর্তমান সাংসদ ও সাবেক সাংসদ পক্ষের দ্বন্দ্ব সহিংস রূপ পেল।

আবদুল্লাহ এলাকায় নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। দলীয় সূত্র জানায়, পাকুন্দিয়া বাজারে আবদুল্লাহর ওষুধের ব্যবসা রয়েছে। বেলা তিনটার দিকে তিনি ফার্মেসি থেকে বের হয়ে আসেন। সিদ্ধান্ত নেন ওষুধ কিনতে কিশোরগঞ্জ যাবেন। মোটরসাইকেলে করে একাই তিনি রওনা হন। সাবরেজিস্ট্রি অফিসের কাছে যাওয়ামাত্র কয়েকজন বাইকের গতিরোধ করেন এবং তাঁকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে দুর্বৃত্তরা চলে যাওয়ার পর তাঁকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর ক্ষতস্থানে আটটি সেলাই দিতে হয়েছে।

আরও পড়ুন

আবদুল্লাহ এখন কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হলে বলেন, ‘আমি একটি সংগঠনের পদে আছি। আওয়ামী লীগের আহ্বায়ক পদ ঘোষণা করা হয়েছে। ঘোষণা হওয়ার পর সোহরাব উদ্দিনের ছবি ব্যবহার করে আমার ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছিলেন। বিষয়টি নূর মোহাম্মদ পক্ষ মেনে নিতে পারেননি। আজ আমাকে একা পেয়ে নাজমুল হোসেনের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’

আজ সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন আবদুল্লাহ অভিযোগ করেন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেনের নেতৃত্বে এ হামলা হয়েছে।

অভিযোগ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে নাজমুল হোসেন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেন। তবে হামলা চালানোর কথা অস্বীকার করেন। নাজমুল হোসেন বলেন, আবদুল্লাহর কাছে স্থানীয় এক ব্যক্তি টাকা পেতেন। তাঁকে পাওয়ার পর টাকা চান। এই নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল্লাহ বাইক চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন। এখানে কমিটির নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জের কিংবা তাঁদের সম্পৃক্ততা নেই।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, আজ কারও ওপর হামলার খবর তাঁর কান পর্যন্ত এসে পৌঁছায়নি। আগের মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। তবে আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

এর আগে গত শনিবার মো. সোহরাব উদ্দিনের অনুসারীদের হাতে বর্তমান সাংসদ নূর মোহাম্মদের বেশ কয়েকজন নেতা-কর্মী লাঞ্ছিত হন বলে অভিযোগ ওঠে। ওই দিন সোহরাব উদ্দিন লকডাউন ভেঙে ব্যক্তিগত গাড়িবহর নিয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যান। তখন ১৫ থেকে ২০টি বাইকযোগে তাঁর অনুগতরা গাজীপুরের কাপাসিয়া পর্যন্ত পৌঁছে দেন। ফিরে আসার সময় ঘাটবাজার এলাকায় সাংসদ পক্ষের সঙ্গে আহ্বায়ক সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনায় গতকাল রোববার হামলা ও বিস্ফোরক আইনে সোহরাব উদ্দিন পক্ষের ২২ নেতা-কর্মীকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা হয়। মামলাটি করেন নূর মোহাম্মদের অনুগত উপজেলার এগারসিন্ধুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদেক হোসেন।

রাজপথেও ছিলেন সাংসদ নূর মোহাম্মদের অনুসারীরা

বিধিনিষেধ উপেক্ষা করে আজও কমিটি বাতিল চেয়ে রাজপথ গরম রাখেন সাংসদ নূর মোহাম্মদের অনুসারীরা। আহ্বায়ক হিসেবে সোহরাবকে দেখতে চান না, এমন দাবিসংবলিত ব্যানার নিয়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন করেন তাঁরা। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রতিবাদ কর্মসূচি করে পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ছাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সভাপতিত্ব করেন সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অধিকাংশই প্রকাশ্যে সাংসদের পক্ষ নিয়ে রাজনীতি করে আসছেন।

কর্মসূচি থেকে সোহরাব উদ্দিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেওয়া হয়। বলা হয়, তাঁর পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। সুতরাং তাঁরা একজন যুদ্ধাপরাধীকে কোনোভাবেই আহ্বায়ক পদে মেনে নেবেন না।

আরও পড়ুন

এ বিষয়ে সোহরাব উদ্দিন বলেন, ‘আমি মুক্তিযুদ্ধের লোক। মুক্তিযুদ্ধে আমার সহযোগিতা রয়েছে। আমার রাজনৈতিক উত্থান থামিয়ে দেওয়ার জন্য অনেক আগে থেকে একটি পক্ষ ষড়যন্ত্র করে আসছিল। আগের মামলা আর এখনকার মানববন্ধন একই সূত্রে গাঁথা।’

বিধিনিষেধ ভেঙে এই কর্মসূচি চলার সময় দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে আসেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান। তিনি এসে সবাইকে ওই স্থান ছেড়ে যাওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে প্রশাসনের চাপে সবাই চলে যান। লুৎফর রহমান বলেন, চলমান বিধিনিষেধে সমাবেশ করার সুযোগ নেই। অথচ কেউ কেউ এই কাজ করছিলেন। এ জন্যই সরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার বিধিনিষেধ অমান্য করে একই দাবিতে সাংসদ পক্ষের মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়। প্রশাসনের বাধা ছাড়াই ওই দিন কর্মসূচি চলে। সোহরাবকে আহ্বায়ক পদে বসিয়ে কমিটি ঘোষণার পর থেকে পাকুন্দিয়ার আওয়ামী লীগের বিভক্ত রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে। কমিটির বাতিলের দাবিতে প্রতিদিনই বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি চলছে। এরই পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে।