সুনামগঞ্জ পৌর শহরের ডি এস রোডের পাশের একটি দোকানের সামনে বসে জুতা সেলাইয়ের কাজ করেন সূর্যমণি রবিদাস (৩৫)। এখানে বসেন পাঁচ বছর ধরে। এর আগে শহরের পাড়ায় পাড়ায় ঘুরে কাজ করতেন। স্ত্রী ময়নামতি রবিদাস আর দুই ছেলে নিয়ে তাঁর সংসার। বড় ছেলের বয়স চার বছর। ছোটটার বয়স দুই বছর। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল গ্রামে। সেখান থেকেই প্রতিদিন শহরে আসা-যাওয়া করেন।
বন্যায় মানবেতর জীবন যাপন করছেন সূর্যমণি রবিদাস। তাঁর টিনের চাল আর বাঁশের বেড়ার ঘরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে পানি থাকায় টানা এক সপ্তাহ গ্রামের পাশের সড়কের একটি সেতুতে পলিথিনের ঝুপড়ি বানিয়ে সপরিবার আশ্রয় নিয়েছিলেন। এখন বাড়িতেই আছেন। তবে ঘরের অবস্থা ভালো নয়। পেছন দিকের দুটো বেড়া হাওরের ঢেউয়ে ভেঙে গেছে। এটি যে সংস্কার করবেন, সেই টাকাপয়সাও নেই হাতে।
সুনামগঞ্জে গত ১৬ জুন থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। সূর্যমণির সঙ্গে আলাপকালে জানা গেল, বন্যার পানি আসার পর ১৬ জুন রাতেই তাঁদের ঘরে পানি প্রবেশ করে। সারা রাত পানির মধ্যেই শিশুসন্তানদের নিয়ে দাঁড়িয়ে ছিলেন। একদিকে ভারী বৃষ্টি, বজ্রপাত, অন্যদিকে ঘরে পানি, ভীষণ ভয়ে ছিলেন তাঁরা। সকালে গ্রামের অন্যদের সঙ্গে আশ্রয় নেন সড়কের পাশের সেতুতে। প্রথম চার দিন পানি থাকায় সেখান থেকে কোথাও যেতে পারেননি। লোকজন যা দিয়েছেন, তা–ই খেয়ে দিন গেছে। পানি কিছুটা কমায় আট দিন পর বাজারে আসেন কাজে। কিন্তু প্রথম দিন মাত্র ২০ টাকা আয় হয়। এখন দিনে ১০০ থেকে ১৫০ টাকা হচ্ছে। অথচ সংসারের খরচ জোগান দিতে দৈনিক তাঁর কমপক্ষে ৩০০ টাকা লাগে। এখন সংকট থাকায় দিনে এক বেলা ভাত খান তাঁরা। বাকি দুই বেলা এটা-ওঠা খেয়ে পার করেন।
আজ শুক্রবার বেলা দুইটার দিকে তাঁর সঙ্গে কথা বলার সময় তখন পর্যন্ত মাত্র ৫০ টাকা আয় হয়েছে বলে জানালেন। সূর্যমণি প্রথম আলোকে বলেন, ‘বন্যার লাগি ত কাজ-কাম একবারে কমি গিছে। কোনো দিন ১০০, কোনো দিন ১৫০ টাকা অয়। বাড়ি থাকি আসা-যাওয়ায় লাগে ৬০ টাকা। কিলা চলতাম। ঘরও দুইটা ছোট ছোট বাইচ্চা (ছেলে)। বড়রা না খাইয়া থাকা যায়। তারা (ছেলেরা) খাইবার লাগি কান্নাকাটি করে। বাইচ্চাইনতের মুখও ভাত দিবার লাগি ১ হাজার টাকা সুদে আনছি। এই টাকায় মাসে ১৫০ টাকা সুদ দিত অইব।’
মাঝখানে এক দিন কিছু চাল-ডাল সহায়তা পেয়েছিলেন। আর কোনো কিছু মেলেনি। সূর্যমণি বলেন, শুধু তাঁর একার এ অবস্থা নয়। এ পেশায় যাঁরা আছেন, তাঁদের সবার একই অবস্থা। বন্যায় আয়রোজগার কমে গেছে। সবাই কষ্টে আছেন। শহরে মানুষ কম বের হন। সবার সংকট। তাই কাজ কমে গেছে। তাঁর বড় ভাই অনিল রবিদাস শহরের আলফাত স্কয়ারে, মেজ ভাই নিখিল রবিদাস শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কাজ করেন। সবারই দিন খুব খারাপ যাচ্ছে বলে জানালেন তিনি। সূর্যমণি বলেন, ‘কিলা চলতাম আর কিলা ঘরখান ঠিকঠাক করমু, এই চিন্তায় আছি। মানুষ খাইয়া বাঁচত পারের না, জুতা সেলাই করাইত কিলা। ইবার বন্যায় সবাইরে মারি লাইছে।’