ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ২ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৫৫০ জনকে আসামি করা হয়। গতকাল সোমবার রাতে সদর থানায় মামলা দুটি নথিভুক্ত হয়। এ নিয়ে সহিংসতার ঘটনায় মোট ৫১টি মামলা হয়েছে। এতে প্রায় ৩৯ হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ২৮৮ জন এজাহারভুক্ত আসামি। এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় ৫১টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়েছে। ৫১টির মধ্যে ১২টি মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি সবাই ‘অজ্ঞাতনামা দুষ্কৃতকারী’। কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদ্রাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতকারীদের’ কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সদর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে সহিংসতার ঘটনায় দুটি মামলা হয়েছে। ২৮ মার্চ বেলা পৌনে ১১টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় আড়াই লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়। একই দিন উত্তর মৌড়াইল এলাকায় অবস্থিত উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজে হামলা, ভাঙচুর করা হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মামলা করা হয়।

আরও পড়ুন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় সোমবার রাতে সদর থানায় আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সদর থানায় ৪৫টি মামলা হয়েছে।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন (অপরাধ ও প্রশাসন) বলেন, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সহিংসতার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল, আশুগঞ্জ ও আখাউড়া রেলওয়ে থানায় ৫১টি মামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার ঘটনায় বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ বিশ্লেষণপূর্বক এসব আসামিকে শনাক্ত করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

আরও পড়ুন
আরও পড়ুন