ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার যুক্তিতর্ক শুনানি ১ মার্চ
সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২) হত্যা মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী ১ মার্চ মামলার যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হয়। এর আগে ৮ ফেব্রুয়ারি সাফাই সাক্ষ্যের তারিখ থাকলেও সেদিন সাক্ষ্য গ্রহণ করা হয়নি। পরে আজ সাফাই সাক্ষ্যের তারিখ নির্ধারণ করেছিলেন বিচারক।
মামলার বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম মিয়া ও দেলোয়ার হোসেন আদালতে হাজির হয়ে সাফাই সাক্ষ্য দেন। সাফাই সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক আগামী ১ মার্চ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেন।
আজ মামলার বাদীপক্ষে আইনজীবী ছিলেন এমাদ উল্লাহ শহীদুল ইসলাম ও মনিরুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আবদুল আহাদ ও ইমরান আহমদ। সাফাই সাক্ষ্য দেওয়ার সময় আদালতে মামলার আসামি আবুল খায়ের রশীদ আহমদ ও সাফিউর রহমান ফারাবী উপস্থিত ছিলেন। মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন অনন্ত। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। এ ছাড়া বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।
হত্যাকাণ্ডের পরে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এতে বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে খুন করেছে বলে অভিযোগ করা হয়।
মামলাটি পুলিশ থেকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এতে সন্দেহভাজন আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫), কানাইঘাটের পূর্ব ফালজুর গ্রামের মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন (২৪), কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫) ও সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় বসবাসকারী সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমান (৩০)।