ভাসানচরে পৌঁছাল আরও ১৯৯৭ রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের আশ্রয়শিবির থেকে ১ হাজার ৯৯৭ জন রোহিঙ্গা আজ বুধবার নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে গিয়ে পৌঁছান
ছবি: প্রথম আলো

কক্সবাজারের আশ্রয়শিবির থেকে আরও ১ হাজার ৯৯৭ রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নৌবাহিনীর ৫টি জাহাজে করে তারা ভাসানচরে এসে পৌঁছায়। এ নিয়ে ভাসানচরে স্থানান্তরিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৮১।

ভাসানচরের স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরে এসে পৌঁছায়। এরপর রোহিঙ্গাদের নৌবাহিনীর পন্টুনসংলগ্ন হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে গাড়িতে করে ৭১, ৭২, ৮৪, ৮৫ নম্বর ক্লাস্টারে বরাদ্দ দেওয়া নির্ধারিত ঘরে তাদের পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুন

সূত্র জানায়, এর আগে মঙ্গলবার দুপুরে ও বিকেলে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে ৩৯টি বাসে করে রোহিঙ্গাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়। সেখানে রাত্রিযাপনের পর বুধবার সকালে নৌবাহিনীর জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

১ হাজার ৯৯৭ রোহিঙ্গা শরণার্থীর ভাসানচরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছানোর পর তাদের বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন ক্লাস্টারে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগের ও তখনকার মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে। ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। বাংলাদেশ নৌবাহিনীকে আশ্রয়ণ-৩ নামের ওই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।