মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও দুশ্চিন্তায় সবুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা-মায়ের সঙ্গে সবুজ আহাম্মেদ। কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি
ছবি: প্রথম আলো

পরিশ্রম, ধৈর্য ও দোয়া—এই তিন বিষয়ে সব সময় বিশ্বাস করেন সবুজ আহম্মেদ। তাঁর মতে, এগুলো সঙ্গে থাকলে যেকোনো কিছুতে সফলতা আসবে। সবুজ আহম্মেদ চলতি বছর কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এতে পরিবারের সবার চোখেমুখে আনন্দ। কিন্তু এর আড়ালে দেখা দিয়েছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা। সবুজের বাবা আবদুর রাজ্জাক গ্রামের হাটে সবজি বিক্রি করে সংসার চালান। ভবিষ্যতে ছেলের ভর্তি ও পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত তিনি।

গতকাল শুক্রবার বিকেলে সবুজ আহম্মেদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। সবুজের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে। তাঁর মায়ের নাম মানজুরা খাতুন। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি পঞ্চম। প্রাথমিক বিদ্যালয় থেকেই পড়াশোনায় এগিয়ে ছিলেন তিনি। গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে জিপিএ-৫, বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ে জেএসসি ও এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। পরবর্তী সময়ে কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকেও জিপিএ-৫ পেয়েছেন। মেডিকেলে ভর্তিতে লিখিত পরীক্ষায় ৭৪ নম্বরসহ সবমিলিয়ে তাঁর মোট প্রাপ্ত নম্বর ২৭৪।

সবুজের এমন কৃতিত্বে পাড়া-প্রতিবেশীসহ গ্রামের মানুষ আনন্দিত। প্রতিদিন তাঁর বাড়িতে মানুষ ভিড় করছেন। এত আনন্দের মাঝে বাবা আবদুর রাজ্জাকের মুখে হতাশা। তিনি বলেন, ‘বড় পরিবার। ছেইলিপিলিকে কষ্ট করে মানুষ কইরিচি। হাটে হাটে সবজি বিক্রি কইরি কোনোরকম সংসার চালাচ্ছি। কিছু জায়গাজমি ছিল, যা নদীভাঙনে বিলীন হয় গিচে। এখন সামনে কী হবে বুঝছিনি।’

আরও পড়ুন

আবদুর রাজ্জাক আরও বলেন, তাঁর দুই ছেলে এমএ, বিএ পাস করেছে। আরেকটা ছেলে এসএসসি পাস করে বাড়িতেই থাকে। সবুজ মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু সেখানে পড়াশোনা করাতে টাকা লাগবে। সেই টাকা কোথায় পাবেন সেই দুঃচিন্তা কাজ করছে। সবুজের মা মানজুরা খাতুন বললেন, ‘ছেইলিকে পড়াতি লাগি কষ্ট করিচি।’

বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা প্রথম আলোকে বলেন, সবুজ খুবই মেধাবী ছাত্র। মাধ্যমিকে পড়ার সময় তাকে সব রকম সহযোগিতা করা হয়েছিল। সৌজন্য সংখ্যার বইগুলো তাকে দেওয়া হতো। তার স্বপ্ন ছিল মেডিকেলে পড়ার। সেই স্বপ্নপূরণ হয়েছে। এই মাধ্যমিক বিদ্যালয়ের সবুজই প্রথম কোনো শিক্ষার্থী যে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। তার পরিবারের অবস্থা খুবই খারাপ। তাকে সহযোগিতা করলে সে অনেক দূর যেতে পারবে।

আরও পড়ুন