শিবপুরে দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুর ১২টার দিকে শিবপুরের সোনাইমুড়ি টিলাসংলগ্ন শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঝোপ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছিল
ছবি: প্রথম আলো

নরসিংদীর শিবপুরের বাঘাবতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে চাদরে মোড়ানো অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে রায়পুরায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ব্যক্তিগত দুই গাড়িসহ তিনটি গাড়ি, পিস্তল, ইয়াবাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিবপুরের বাঘাব ইউনিয়নের সোনাইমুড়ি টিলাসংলগ্ন শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি ঝোপ থেকে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৬) এবং সদর উপজেলার বাগহাটার সাহেপ্রতাপ এলাকার আবু কালামের ছেলে জাহিদ মিয়া (২৮)। তাঁরা দুজনই ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রায়পুরার শ্রীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল মিয়া (৩২) ও তাঁর ভগ্নিপতি বিল্লাল হোসেন (৩০)। নিহত দুজন ও গ্রেপ্তার হওয়া দুজনই মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করছে।

গতকাল শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেছিলেন, দুটি ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের জন্যই এই দুই চালককে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে দুই যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে শাহজালাল নামের এক ব্যক্তি ঘটনাস্থলে আসেন। ছিনতাই হওয়া ব্যক্তিগত গাড়ি দুটির মধ্যে একটির চালক ছিলেন নিহত রুবেল এবং অন্যটির চালক ছিলেন শাহজালাল।

আরও পড়ুন

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজালাল বলেছেন, গত বুধবার ব্যক্তিগত গাড়ি দুটি ছিনতাই করে রুবেল ও শাহজালালকে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখা হয়েছিল। ওই দিন সন্ধ্যায় শাহজালাল সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে শাহজালালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রায়পুরায় অভিযান চালিয়ে সোহেল ও বিল্লালকে গ্রেপ্তার করে। হত্যার শিকার দুজনসহ গ্রেপ্তার হওয়া সবাই মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।

পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে তিনটি গাড়ি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও নজরদারিতে রাখা হয়েছে। দ্রুতই তাঁদেরও গ্রেপ্তার করা হবে। নিহত ও গ্রেপ্তার ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর এলাকা থেকে মাদক এনে নরসিংদীসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। মাদকের চালান, পরিবহন ও চালান–সংক্রান্ত টাকা নিয়ে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

গতকাল লাশ উদ্ধারের পর নিহত রুবেলের বাবা মো. তোফাজ্জল হোসেন বলেছিলেন, রুবেল স্নাতক শেষ করার পর চাকরি খোঁজার পাশাপাশি তাঁর এক বন্ধুর ব্যক্তিগত গাড়ি ভাড়া নিয়ে মাঝেমধ্যে চালাতেন। গত বুধবার সকালে একটি ট্রিপ শেষে বাড়ি ফেরেন রুবেল। সকাল ১০টার দিকে আরেকটি ট্রিপের অফার পেলে তিনি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রুবেল মাদক কারবারের সঙ্গে জড়িত—এটা তিনি বিশ্বাস করেন না।