ঈদের দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থার আবহাওয়াবিদেরা বলছেন, উপমহাদেশজুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই আজ শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ রেশ আগামীকালও থাকতে পারে। আজ দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে শনিবার সকালে বিরতি দিয়ে বিকেলে আবারও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ রাতে প্রথম আলোকে বলেন, আজ শুক্রবারের চেয়ে আগামীকাল বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এটা হতে পারে সারা দিন ধরে।
আজ বেলা ১১টার পর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখার সময়ও আকাশ মেঘলা ছিল। রাজধানীতে সারা দিনে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মাদারীপুরে, ৩৩ কিলোমিটার। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে দেশের প্রায় সব বিভাগেই।
আবহাওয়া অধিদপ্তরের আগের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হওয়ার কথা ছিল। বজলুর রশিদ বলেন, আগামীকাল উপকূলের অঞ্চলজুড়েও বৃষ্টি থাকতে পারে।
এদিকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর প্রায় এক হাজার কিলোমিটারের একটি বৃষ্টিবলয় সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া সংস্থাগুলোর সূত্রে জানা গেছে। একটি সরলরেখার মতো (একেবারে সোজা) নিম্নচাপজনিত পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হয়েছে। সাধারণত পশ্চিমা ঝঞ্ঝা (পশ্চিমা লঘুচাপ) ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিম্নচাপ থেকে তৈরি হয় এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে অগ্রসর হয়। এগুলো শীতকালে বেশি সক্রিয় থাকে এবং তুষারপাত ও শৈত্যপ্রবাহ নিয়ে আসে; কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এই ঝঞ্ঝা বাঁক না নিয়ে সোজা একটি ট্রফ বা নিম্নচাপের রেখা হিসেবে বিস্তৃত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলছেন, বাংলাদেশের এই বৃষ্টিপাতে বৃষ্টিবলয়ের ভূমিকা রয়েছে।