আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও টানা চারবার সরে যেতে হলো সালামকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ সালাম
ছবি: সংগৃহীত

একবার দুবার নয়, এবার নিয়ে পাঁচটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। এর মধ্যে একবার নির্বাচনে হেরে যান। বাকি চারবার মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দলের মিত্র জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটি বারবার ছেড়ে দিতে হয়েছে। প্রত্যাহার করতে হয়েছে মনোনয়নপত্র।

হাটহাজারীর ১৬টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ও ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-৫ হাটহাজারী সংসদীয় আসন। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ২০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁদের একটাই বক্তব্য, আওয়ামী লীগ উন্নয়ন করেছে। সেখানে অন্য দলের লোককে কেন নির্বাচনে দাঁড় করাতে হবে। হয়তো দলের বৃহত্তর স্বার্থে এটি করা হচ্ছে। সে কারণে তাঁরা বারবার এটি মেনে নিচ্ছেন।

২০০৮ সালের নির্বাচনের আগপর্যন্ত হাটহাজারী আসনটি বিএনপির দখলে ছিল। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিনবার জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিবারই আওয়ামী লীগ থেকে এম এ সালামকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণে আনিসুল ইসলাম মাহমুদকে আসনটি ছেড়ে দিতে হয়েছে তাঁকে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৬ নভেম্বর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। এতে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে এম এ সালামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এই খবরে আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীরা উজ্জীবিত হন। কিন্তু তাঁদের সেই উৎসাহ–উদ্দীপনায় ভাটা পড়ে গতকাল রোববার। ওই দিন জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার কারণে এম এ সালাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘দলের স্বার্থে তৃণমূল পর্যায়ের নেতা–কর্মীরা প্রতিবারই মেনে নিচ্ছেন। এবারও দলের সিদ্ধান্তই মেনে নিয়েছি আমরা।’

আরও পড়ুন
আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা এম এ সালাম ১৯৯২ সালের মে মাসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়ে টানা ২৮ বছর এই পদে ছিলেন। তিন বছর আগে তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এখনো এই পদে রয়েছেন।

১৯৯৬ সালে ৩৬ বছর বয়সে হাটহাজারী থেকে নির্বাচন করেন এম এ সালাম। বিএনপির প্রয়াত সৈয়দ ওয়াহিদুল আলমের কাছে তিনি ভোটে হেরে যান। ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৩ সালের আসন্ন নির্বাচনসহ চারবার মনোনয়ন পেয়েও জোটের কারণে প্রত্যাহার করে নেন এম এ সালাম।

আওয়ামী লীগের নেতা–কর্মীরা বলছেন, এম এ সালাম বারবার মনোনয়ন পেয়েও নির্বাচন করতে না পারার দুঃখ থেকে যাবে। দলের জন্য বারবারই তিনি ছিটকে পড়ছেন। আগামী নির্বাচনে ৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদের মনোনয়ন পাওয়া ও নির্বাচনে অংশগ্রহণ করা না–ও হতে পারে। কারণ, তখন হয়তো রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন হয়ে যেতে পারে। আর তা হলে সারা জীবন হয়তো আফসোসই থেকে যাবে তাঁর।

অবশ্য মনোনয়ন পাওয়ার পরেও দলীয় সিদ্ধান্তে বারবার সরে যাওয়া নিয়ে আক্ষেপ নেই এম এ সালামের। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংসদ সদস্য হই বা না হই। হাটহাজারীবাসীর জন্য আমার দরজা সব সময় খোলা। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মরতে চাই। দলের জন্য আগেও ত্যাগ স্বীকার করেছি, এবারও করতে হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই মানব, মেনে নিয়েছি।’

আরও পড়ুন