শুভ সকাল। আজ ২৮ মার্চ, শনিবার। গতকাল শুক্রবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল—সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন, কী শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ‘ডিপ স্টেট’ বলতে কাদের বুঝিয়েছেন—এখন সেই প্রশ্নও সামনে আসছে।
রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশন’ নামের একটি পোশাকের দোকান ‘মব’ সৃষ্টি করে বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির মালিক এনামুল হাসান নবীন। কম দামে পাঞ্জাবি বিক্রি করায় ব্যবসায়ী ‘সিন্ডিকেটের’ হুমকির কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এই অভিযোগ তুলে তিনি গত ঈদের পর ২৪ মার্চ রাতে চীন চলে যান।
যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে নিজের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসায় চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে যুদ্ধ থামানোর অভ্যন্তরীণ চাপ। অন্যদিকে তেহরানের ‘অতি উচ্চাকাঙ্ক্ষা’ দেশটিকে আগের চেয়ে আরও বিপজ্জনক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে বলে মিত্রদেশগুলোর উদ্বেগ। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এই দুই বিপরীতমুখী চাপে কোণঠাসা।
ব্রাজিল ছাড়া কখনো কোনো বিশ্বকাপ হয়নি। ব্রাজিলিয়ান কোচ ছাড়াও হয়নি এর আগে কোনো বিশ্বকাপ।
ব্রাজিল এবারও থাকছে বিশ্বকাপে। তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ডাগআউটে দেখা যাবে না কোনো ব্রাজিলিয়ান কোচকে।
দক্ষিণ ভারতীয় সিনেমার তারকাদের মধ্যে যে কয়েকজন আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন, তাঁদের অন্যতম তিনি। জন্মদিন এলেই তাঁর ভক্তদের উচ্ছ্বাস যেন নতুন করে বিস্ফোরিত হয়। কারণ, তিনি শুধু একজন সফল অভিনেতাই নন, তিনি একাধারে উত্তরাধিকার, পরিশ্রম, সংগ্রাম আর নিজস্ব পরিচয় গড়ে তোলার এক উজ্জ্বল উদাহরণ। তিনি আর কেউ নন, রামচরণ। ২৭ মার্চ অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।