হিরো আলমের ওপর হামলা নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস: ইসি আলমগীর
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনাকে ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস’ হিসেবে বর্ণনা করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মো. আলমগীর বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। কোথাও কোনো অনিয়ম হয়নি। একেবারে শেষ সময়ের দিকে একজন প্রার্থী কেন্দ্র পরিদর্শন করে ফিরে যাচ্ছিলেন, তখন কিছু দুষ্কৃতকারী তাঁকে আক্রমণ করে।
হিরো আলমের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এমন মন্তব্য করে মো. আলমগীর বলেন, ‘যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সেখানে সামান্য একটু এই ধরনের অন্যায় কাজ করে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস, সেটা আমরা একসেপ্ট করতে পারি না।’
এই নির্বাচন কমিশনার বলেন, সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিষয়টি নিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। জরুরি ভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা এবং অন্যান্য সাক্ষী নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
নিরাপত্তা দিতে না পারার এই ব্যর্থতা কার—এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি ‘প্রকেটশন’ দেওয়ার সুযোগ নেই। এই প্রটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন কারও কোনো দায়িত্বে অবহেলা আছে কি না। অনীহা ছিল কি না, এগুলো দেখে তাঁরা বিভাগীয় ব্যবস্থা নিয়ে ইসিকে জানাবেন।
মো. আলমগীর বলেন, ‘ব্যালটে আমরা ভোট করেছি, এতে স্ট্যাম্পিং হয় নাই। যেটা নিয়ে আমরা বেশি ভয় পেয়েছিলাম। এর কারণে কোনো বিশৃঙ্খলা বা অঘটন ঘটেনি। সেদিক দিয়ে সাকসেস।’
ভোট পড়ার হার কম কেন—এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘ভোট পড়ার হার কেন কম তা আপনারা বিশ্লেষণ করবেন। এতে আমরা আরও ভালোভাবে জানতে পারব। ইসির কোনো ত্রুটি ছিল না। টার্ন আউট আরও বেশি হলে ভালো হতো, ওই ঘটনাটা ছাড়া আমরা সন্তুষ্ট। তবে ইসি তো ভোট আর জোর করে নিতে পারে না। যেমন অস্ট্রেলিয়ায় ভোট দিতে না গেল ৫০ ডলার জরিমানা। সেটা তো আর আমরা করতে পারি না।’
এদিকে আজ ইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশরাফুল হোসেনকে মারধরের ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ডিএমপি কমিশনারকে ব্যবস্থা গ্রহণ করে বিষয়টি ইসিকে অবহিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।