‘সবাই ভালো সার্ভিস দিছে’, ভোট দিয়ে বললেন ৯১ বছর বয়সী আবু মুসা

ভোট দিয়ে বের হচ্ছেন অশীতিপর আবু মুসা। দোলাইরপাড়, ঢাকা; ১২ ফেব্রুয়ারি ২০২৬ছবি: মহিউদ্দিন ফারুক

দোলাইরপাড় উচ্চবিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ঢাকা–৪ আসনের দুটি কেন্দ্র। অশীতিপর এক ব্যক্তিকে ধরে এক যুবক ধীরে ধীরে শিক্ষাপ্রতিষ্ঠানের সিঁড়ি দিয়ে নিচে নামছেন। বয়সের ভারে অনেকটা নুয়ে পড়ছেন। এক হাতে লাঠি ভর দিয়ে আর অন্য হাত দিয়ে ওই যুবকের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন এই জ্যেষ্ঠ নাগরিক।

আজ বৃহস্পতিবার সকালে সিঁড়িতে কথা হয় অশীতিপর ওই ব্যক্তির সঙ্গে। বয়স কত—জানতে চাইলে জড়ানো কণ্ঠে বললেন, ৯০ কিংবা ৯১ হবে। বাসা কোথায় জানতে চাইলে সঙ্গে থাকা যুবক বলেন, পূর্ব দোলাইরপাড়।

কী করতেন—জানতে চাইলে প্রবীণ এই ব্যক্তি বললেন, ‘আমি ছিলাম ডাক্তার, এলএমএএফপি (প্যারামেডিক্যাল)। নাম আবু মুসা। ভোট দিতে ভালো লেগেছে, ভয় কিসের?’

১৯৬৫ সালে এ পেশা শুরু করেন বলে জানান আবু মুসা। অশীতিপর এই ভোটার বলেন, ‘এখন চোখে দেখি না। কানেও কম শুনি। নিজেরই ডাক্তারের কাছে যাওন লাগে।’

ভোট দিয়েছেন কি না—জানতে চাইলে বৃদ্ধাঙ্গুলির কালির ছাপ দেখান। গণভোট ও দলীয় প্রতীক—দুটি ভোটই দিয়েছেন কি না জানতে চাইলে আবু মুসা বলেন, ‘হ, কোনো সমস্যা হয়নি।’

আরও পড়ুন

এ সময় সঙ্গে থাকা যুবকটি কে জানতে চাইলে আবু মুসা বলেন, ‘আমার এলাকার লোক হয়। নাতিই হয়, এলাকার লোক।’ সঙ্গে থাকা যুবক জানান, তাঁর নাম রুবেল।

ভোট কেমন হলো জানতে চাইলে জ্যেষ্ঠ এই নাগরিক বলেন, ‘ভোট সুন্দর হইছে। সবাই ভালো সার্ভিস দিছে, সরকারের লোকও…সে জন্য।’

আরও পড়ুন